দুর্নীতি সরাতে হবে: টিপু মুনশি
অর্থনৈতিক অগ্রগতির সুফল যেন দেশের সব মানুষ পায়, সেজন্য দুর্নীতি নির্মূলকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেন নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার বিকালে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর রাতে ‘তৌফিক ইমরোজ খালিদী লাইভ’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর এই অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন সাংবাদিক মঞ্জুরুল ইসলাম।
শেখ হাসিনার নতুন সরকারেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া জুনাইদ আহমেদ পলক যোগ দেন এই অনুষ্ঠানে। বিডিনিউজ কার্যালয় থেকে প্রচারিত এই অনুষ্ঠানে অধিকারকর্মী খুশি কবিরও টেলিফোনে যুক্ত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট ও ফেইসবুক পাতায় অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর এক ঝাঁক নতুন মুখ নিয়ে গঠিত শেখ হাসিনার চতুর্থ সরকার বিশাল প্রত্যাশার মুখোমুখি।
গত ১০ বছরে অর্থনৈতিক অগ্রগতিতে জিডিপির প্রবৃদ্ধি ৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশে। মূল্যস্ফীতি ৮ শতাংশ থেকে নেমে এসেছে ৫ শতাংশে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের পথে এখন বাংলাদেশ।
এত সব সাফল্যের পথে দুর্নীতিকে কাঁটা হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকদের অনেকেই। আওয়ামী লীগও দুর্নীতিকে কোনো ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাদের এবারের নির্বাচনী ইশতেহারে।
আলোচনায় ইশতেহারের প্রতিশ্রুতি তুলে ধরে টিপু মুনশি বলেন, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্সের’ যে নীতি ঘোষণা করেছেন শেখ হাসিনা, তা বাস্তবায়নে ‘যথাসাধ্য চেষ্টা করবেন’ তারা।
“দুর্নীতি সরাতে তো হবেই, দুর্নীতি তো অ্যাকসেপটেবল নয়,” দৃঢ়কণ্ঠেই বলেন একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার মন্ত্রিত্বে অভিষিক্ত হওয়া টিপু মুনশি।
দুর্নীতি এবং স্থবিরতা কমাতে জন প্রশাসন সংস্কারে সরকারের পরিকল্পনার কথাও জানান আইন সভার এই সদস্য।
তিনি সেইসঙ্গে বলেন, “সিভিল সার্ভিসকে ঢালাওভাবে দোষারোপের সুযোগ নেই। তারপরও কিছু দক্ষ লোকের মাঝে কিছু অদক্ষ লোক থেকে যায়। সেটা চিহ্নিত করে দক্ষদের সামনে এগিয়ে নিয়ে আসতে আরও ৩/৪ বছর সময় লেগে যাবে।”
এক্ষেত্রে কঠোর হওয়ার ইঙ্গিতও আসে নতুন মন্ত্রীর কথায়।
“অনেক বেশি লোক আমাদের মাথার উপর চেপে বসেছে। যারা যোগ্যতাসম্পন্ন, তাদের এগিয়ে আনতে হবে। যাদের দিয়ে কাজ হবে না, তাদেরকে সাইডলাইনে নিয়ে যেতে হবে।”
মন্ত্রী হিসেবে শপথ নিয়ে বঙ্গভবন থেকে বের হচ্ছেন টিপু মুনশি, এরপর তিনি যোগ দেন ‘তৌফিক ইমরোজ খালিদী লাইভ’ এ
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুনশি অনেক ব্যবসায়ীর কর ফাঁকি দেওয়ার অভিযোগটিও স্বীকার করে নেন।
তিনি মনে করেন, অর্থনীতির অগ্রহতির চাকা গতিশীল রাখতে রাজস্ব আহরণ বাড়াতে হবে।
“চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফল করার জন্য কর আদায়ের পরিমাণ বাড়াতে হবে। সেজন্য প্রয়োজন করের আওতা আরও বিস্তৃত করা।”
কালো টাকা নিয়েও সরকারের ‘নীতিগত চিন্তা’ রয়েছে বলেও জানান মন্ত্রিসভার এই সদস্য।
“কালো টাকা থামানোর চেষ্টা চলছে। সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। বিদেশে টাকা পাচারের যে অভিযোগ শোনা যাচ্ছে, সেটা নিয়েও ভাবতে হবে। কারা বিদেশে টাকা নিয়ে যাচ্ছে, কী কারণে নিয়ে যাচ্ছে, সেটা দেখা দরকার।”
দেশে বিনিয়োগের পরিবেশ আরও ভালো করতে পারলে বিদেশে টাকা পাচারের প্রবণতা কমে আসবে বলে মনে করেন তিনি।
অর্থনীতির এই ধারাবাহিকতা ধরে রাখতে নতুন উদ্যোক্তা তৈরির উপরও জোর দেন টিপু মুনশি।
আবারও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন জুনাইদ আহমেদ পলক; তিনি থাকছেন তার আগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগেই
রাজনীতিতে প্রবীণ টিপু মুনশির সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রিসভায় নবীন-প্রবীণের সমন্বয় ঘটানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতার কথা বলেন রাজনীতিতে অপেক্ষাকৃত নবীন পলক।
পুনর্বার তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া পলক সব ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার বাড়ানোর উপর জোর দেন। তিনি বলেন, এখন বাংলাদেশের ‘হাইটেক ইন্ডাস্ট্রি’তে নজর দেওয়া দরকার।
আগামী পাঁচ বছরে তথ্য প্রযুক্তি খাতকে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্যে নেওয়ার আশা দেখান প্রতিমন্ত্রী।
