সোশ্যাল মিডিয়ায় গুজবের হিড়িক: বেনজীর
নির্বাচন সামনে রেখে ছয় মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
নির্বাচন ঘিরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য ফেইসবুক ও টুইটার বাংলাদেশ থেকে খোলা দুই ডজনের বেশি পেইজ ও অ্যাকাউন্ট বন্ধ করার পর একথা বললেন তিনি।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় বেনজীর আহমেদ বলেন, “দেশ অর্থনৈতিকভাবে এগোচ্ছ আর অপরাধও কমে আসছে ঠিকই। আবার সেই সঙ্গে নতুন ধরনের অপরাধ হচ্ছে- ফিনানসিয়াল ও সাইবার অপরাধ।”
’ডিজিটাল বাংলাদেশ’ পরিকল্পনার বাস্তবায়নে দেশের সাত কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করছে জানিয়ে র্যাব প্রধান বলেন, “এখন দেখেন সোশ্যাল মিডিয়া বিরাট ক্ষমতাশালী। গত ছয় মাসে যে পরিমাণ প্রোপাগান্ডা, মিথ্যা কথা বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়…।”
জাতীয় নির্বাচনের আগে ছয় মাস সোশ্যাল মিডিয়া গুজবে ‘আক্রান্ত’ হলেও তাতে হতাশ নন বলে জানান তিনি।
বেনজীর আহমেদ বলেন, “বাংলাদেশের মানুষ বোকা নয়, তারা সব কিছু বোঝেন।
“আশা করি, আগামী নির্বাচনের পরে অস্বস্তিকর, বিভ্রান্তিকর, বিকারগ্রস্ত প্রোপাগান্ডা কমবে।”
সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিক নিয়ে আশাবাদী বেনজীর বলেন, “আমরা মনে করি, সামাজিক যোগাযোগ মাধ্যমের পজিটিভ দিক অনেক কিছু নিয়ে আসবে।”
সবজির দাম কোথায় কত, পোকা দমন করতে হয় কীভাবে- এসব তথ্য জানতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা তুলে ধরেন তিনি।
অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠনটির বার্ষিক সভায় পাঁচটি বিভাগে দৈনিক বণিক বার্তার আয়নাল হোসেন, যমুনা টিভির আবদুল্লা তুহিন, নয়া দিগন্তের আমিনুল ইসলাম, গাজী টিভির সাজ্জাদ পারভেজ ও সমকালের বকুল আহমেদকে পুরস্কার দেওয়া হয়।
