২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজ ইব্রাহিমের টিন আত্মসাত: হাই কোর্টের রায় স্থগিত

বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলার বিষয়ে হাই কোর্টের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2018, 02:58 PM

Updated : 19 Aug 2022, 02:56 PM

মামলা বাতিল প্রশ্নে জরি করা রুল খারিজ করে হাই কোর্ট গত সপ্তাহে যে রায় দিয়েছিল, আপিল বিভাগ তা আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে।

হাই কোর্টের রায় স্থগিত চেয়ে করা হাফিজ ইব্রাহিমের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। হাফিজ ইব্রাহিমের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

দুদকের আইনজীবী পরে সাংবাদিকদের বলেন, “টিন আত্মসাতের মামলা চলবে বলে হাই কোর্টের দেওয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। এ সময়ের মধ্যে তাদের লিভ টু আপিল করতে বলা হয়েছে।”

২০০৭ সালের ১৩ জুন যৌথবাহিনী ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের ১০০ বান্ডেল ত্রাণের টিন ভোলা নৌ-কন্টিনজেন্ট এবং থানা পুলিশ যৌথভাবে উদ্ধার করে। 

জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ১৩ জুন ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় থেকে ১০০ বান্ডেল ত্রাণের টিন উদ্ধার করে যৌথবাহিনী।  

বোরহান উদ্দিন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওই দিনই দুই জনকে আসামি করে বোরহান উদ্দিন থানায় মামলা করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ ২০০৯ সালের ১৮ জানুয়ারি অভিযোগ পত্র দাখিল করেন।

অভিযোগ পত্রে হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্থানীয় বিএনপি নেতা এস এম গজনবী, স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, হাফিজ ইব্রাহিম ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানকে আসামি করা হয়।

মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা অবস্থায় ২০১৩ সালের ১ অক্টোবর মো. হাফিজ ইব্রাহিম হাই কোর্টে একটি আবেদন করেন। তার বিরুদ্ধে মামলার অংশটি বাতিল করে অব্যাহতির আবেদন জানানো হয় সেখানে। 

ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট সে সময় রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।

সেই রুলের ওপর শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ গত ১১ নভেম্বর রুল খারিজ করে রায় দেয়। এরপর আপিল বিভাগে আবেদন করে ওই রায়ের ওপর স্থগিতাদেশ পেলেন হাফিজ ইব্রাহিম।

পুরনো খবর:

হাফিজ ইব্রাহিমের টিন আত্মসাতের মামলা চলবে