হাফিজ ইব্রাহিমের টিন আত্মসাতের মামলা চলবে
বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয়।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করেন এ এম মাহবুব উদ্দিন খোকন।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, ত্রাণের ১০০ বান্ডিল ঢেউ টিন আত্মসাতের এ মামলা বাতিল প্রশ্নে এর আগে রুল দিয়েছিল হাই কোর্ট। রুলের ওপর শুনানি শেষে আদালত তা খারিজ করে দিয়েছে।
“একই সঙ্গে এ মামলার কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে আদালত। ফলে বিচারিক আদালতে মামলা চলতে আইনগত কোনো বাধা নেই।”
খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আবেদনটি খারিজ করে দিয়ে আদালত মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে।
জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ১৩ জুন ভোলার বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় থেকে ১০০ বান্ডেল ত্রাণের টিন উদ্ধার করে যৌথবাহিনী।
বোরহান উদ্দিন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওই দিনই দুই জনকে আসামি করে বোরহান উদ্দিন থানায় মামলা করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথ ২০০৯ সালের ১৮ জানুয়ারি অভিযোগ পত্র দাখিল করেন।
অভিযোগ পত্রে হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্থানীয় বিএনপি নেতা এস এম গজনবী, স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, হাফিজ ইব্রাহিম ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানকে আসামি করা হয়।
মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা অবস্থায় ২০১৩ সালের ১ অক্টোবর মো. হাফিজ ইব্রাহিম হাই কোর্টে একটি আবেদন করেন। তার বিরুদ্ধে মামলার অংশটি বাতিল করে অব্যাহতির আবেদন জানানো হয় সেখানে।
ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট সে সময় রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।
ওই রুলের ওপর শুনানি শেষে রোববার হাই কোর্ট রুল খারিজ করে রায় দেয়।
