আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের তদন্ত শেষ হয়নি দুই বছরেও
প্রায় দুই বছর পেরিয়ে গেলেও ঢাকার দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়েনি।
রোববার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ঢাকার অন্যতম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক আগামী ১৯ ডিসেম্বর নতুন তারিখ ঠিক করেন বলে আদালত পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগ থেকে জানা গেছে।
মামলাটি তদন্ত করছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান। তার সঙ্গে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
২০১৬ সারের ২৪ ডিসেম্বর আশকোনা এলাকার ‘সূর্য ভিলা’ নামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ওই বাড়িতে অভিযানে দুজন নিহত হন। তাদের একজন আজিমপুরে নিহত জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী, অন্যজন পলাতক জঙ্গি রাশেদুর রহমান সুমনের স্ত্রী শাকিরা ওরফে তাহিরা। এছাড়া আহত হন শাকিরার শিশুকন্যা। আত্মসমর্পণ করেন দুই নারী।
আশকোনায় অভিযানের ঘটনায় ওই বছরের ২৫ ডিসেম্বর দক্ষিণখান থানার এসআই শাহিনুল ইসলাম এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- পলাতক জঙ্গি মাইনুল ইসলাম ওরফে আবু মুসা, তার স্ত্রী তৃষা মনি ওরফে উম্মে আয়েশা, মিরপুরে নিহত নব্য জেএমবির নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শিলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন, জঙ্গি রাশেদুর রহমান সুমন, তার স্ত্রী শাকিরা ওরফে তাহিরা এবং আফিফ কাদেরী ওরফে আদর এবং মো. সেলিম ও মো. ফিরোজ।
এ মামলায় গত ৯ জানুয়ারি আত্মসমর্পণকারী দুই নারী জেবুন্নাহার শীলা ও তৃষা মণি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
