আশকোনা অভিযান: ৮ জনকে আসামি করে মামলা
ঢাকার দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের ঘটনায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে রোববার রাতে এই মামলা করা হয় বলে দক্ষিণখানের ওসি তপন কুমার সাহা জানান।
মামলার আসামিরা হলেন- পলাতক জঙ্গি মাইনুল ইসলাম ওরফে আবু মুসা (২৯), তার স্ত্রী তৃষা মনি ওরফে উম্মে আয়েশা (২২), মিরপুরে নিহত নব্য জেএমবির নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শিলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন (৩৪), জঙ্গি রাশেদুর রহমান সুমন (২৪), তার স্ত্রী শাকিরা ওরফে তাহিরা (৩৫) এবং আজ্পিুরে নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরী ওরফে আদর (১৪) এবং মো. সেলিম (২৬) ও মো. ফিরোজ (২০)।
অভিযানের এক পর্যায়ে শাকিরা ওরফে তাহিরা ওই আস্তানা থেকে বেরিয়ে এসে কোমরে বাঁধা গ্রেনেডে বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। আর অভিযান শেষে ওই বাসার ভেতরে আফিফের লাশ পাওয়া যায় বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
নিহত এই কিশোর গত সেপ্টেম্বরে আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরীর যমজ সন্তানের একজন বলে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন।
