২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক জঙ্গিদের ধরে ফেলব: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক জঙ্গিনেতাদের নিয়ে কোনো দুশ্চিন্তা নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের; অচিরেই তারা ধরা পড়বে বলে আশাবাদী তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 10:43 PM

Updated : 20 Aug 2022, 02:33 PM

“আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে বলেই এরা নিয়ন্ত্রণে আছে। সব সময় আমরা তাদের (জঙ্গি) অনুসরণ করে চলছি এবং তারা (জঙ্গি) যে কোনো সময় ধরা পড়বে।”

ঢাকার আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের পরদিন রোববার শিশু একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বছরের মাঝামাঝিতে গুলশান হামলার পর বিভিন্ন আস্তানায় পুলিশের অভিযানে নব‌্য জেএমবির শীর্ষনেতা তামিম চৌধুরী, তানভীর কাদেরী, জাহিদুল ইসলামসহ কয়েকজন নিহত হন। 

শনিবার আশকোনায় অভিযানে জাহিদের স্ত্রীর সঙ্গে পলাতক জঙ্গিনেতা মাইনুল ইসলাম মুসার স্ত্রীও আত্মসমর্পণ করেন।

মুসার পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল হক, নুরুল ইসলাম মারজানের নাম শীর্ষ জঙ্গি হিসেবে বলে আসছে পুলিশ।

জিয়া ও মারজান সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ধরে ফেলব।”

তিনি বলেন, “সারা পৃথিবীতেই জঙ্গি আছে। আমাদের এখানে জঙ্গি মাঝে মাঝে আত্মপ্রকাশ করতে চেষ্টা করে-আমাদের এগুলো সবই নিয়ন্ত্রণে আছে।”

জনগণ জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে তা নিয়ন্ত্রণ সহজ হচ্ছে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।  

এদিকে সকালে কাকরাইলের সেন্ট মেরি চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, “আমরা ইতোমধ্যে জঙ্গিদের দুর্বল করে ফেলেছি। তারা আর সংগঠিত হতে পারবে না।”

মুসাকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে বলে জানান তিনি।

আশকোনায় বিপুল বিস্ফোরকের বিষয়ে জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, “বিস্ফোরক বিভিন্নভাবে সংগ্রহ করা যায় বা বাংলাদেশে বিভিন্নভাবে চোরাচালান হয়ে আসে। আবার অভ্যন্তরীণভাবেও দেশে বিস্ফোরক ব্যবহার প্রয়োজন রয়েছে,  শিল্প কলকারখানাগুলোতে এর ব্যবহার হয়।

“সেখান থেকে সন্ত্রাসীরা সংগ্রহ করছে কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখা হবে।”

আশকোনার বাড়িটি থেকে ১৯টি গ্রেনেড এবং বহু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।