২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাদেরীর ছেলের লাশ মর্গে নিয়েছে পুলিশ

নিহত জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলের লাশ একদিন পর পূর্ব আশকোনায় জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2016, 09:43 PM

Updated : 20 Aug 2022, 02:33 PM

রোববার সন্ধ‌্যা সাড়ে ৭টার দিকে সূর্য ভিলা থেকে লাশ নিয়ে পুলিশের একটি মাইক্রোবাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পথে রওনা হয়।

একদিন আগে তিন তলা ওই বাড়িতেই পুলিশের অভিযানের মধ‌্যে নিহত হন কাদেরীর এই কিশোর ছেলে। তিনি আত্মঘাতী হয়েছিলেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন।

রোববার লাশ উদ্ধারের তদারকিতে থাকা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নে বলেন, “অভিযান চলার সময় শেষ মুহূর্ত পর্যন্ত সে প্রতিরোধ করেছিল। সে আত্মহত্যা করেছে, না কি অভিযানে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তে জানা যাবে।”

ওই বাড়িতে আরও তিন শিশু এবং তিন নারী ছিলেন। তাদের মধ‌্যে একজন একটি শিশুকে নিয়ে বেরিয়ে এসে দেহে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে মারা যান বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান। শিশুটি আহত হয়ে এখন হাসপাতালে রয়েছে।  

বাকি দুই নারী তাদের দুই মেয়েকে নিয়ে আত্মসমর্পণ করেন। তাদের একজন নিহত নব‌্য জেএমবির নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা, অন‌্যজন পলাতক জঙ্গিনেতা মাইনুল ইসলাম মুসার স্ত্রী তৃষ্ণা।

পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, কাদেরীর এই ছেলের নাম আফিফ। তার আরেক নাম আদর। তবে এলাকাবাসী তাকে চিনত শহীদ কাদেরী নামে।

আফিফ আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিচ্ছিল না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন, “ছেলেটি কিছুতেই আত্মসমর্পণ করছিল না। তখন আমাদের পুলিশ গ‌্যাস নিক্ষেপ করে। সে গুলি চালানো শুরু করে। তখন ভেতরে গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে আমাদের পুলিশ দেখে সেখানে সে মৃত অবস্থায় পড়ে আছে।”

কাদেরীর জমজ ছিল। তাদের মধ্যে অন‌্যজনকে গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাড়িতে অভিযানের সময় আহত অবস্থায় মা আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। তারা এখন কারাগারে।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, আজিমপুরের বাসায় তানভীর কাদেরী ওঠার আগে তার ছেলে আফিফকে জঙ্গিনেতা মুসার কাছে দিয়ে দেন। গ্রেপ্তার এড়াতে দুই ছেলেকে আলাদা রেখেছিলেন তিনি।

সেদিনের অভিযানের সময় কাদেরী আত্মহত‌্যা করেছিলেন বলে পুলিশ জানায়।

তার ছেলে আফিফ এলাকায় জঙ্গিবাদের প্রচার চালাতেন বলে স্থানীয়দের ভাষ‌্য।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ওই বাড়িতে সবাই আফিফ কাদেরীর নির্দেশনা মেনে কাজ করত। এমনকি যে নারী ‘সুইসাইড ভেস্ট’ পরে বেরিয়ে এসেছিলেন, তিনিও ওই কিশোরের নির্দেশই অনুসরণ করেছিলেন।

কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, আফিফ বয়সে কিশোর হলেও সংগঠনের প্রয়োজনে যে কোনো ধরনের সিদ্ধান্ত মেনে নিতে তৎপর ছিল।

আশকোনার ওই বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক পাওয়া গেছে। শনিবার অভিযানের পর বিস্ফোরকভর্তি ওই বাড়ি থেকে আর আফিফের লাশ বের করে আনার ঝুঁকি নেয়নি পুলিশ কর্মকর্তারা। রোববার ওই ঘরে তল্লাশি চালিয়ে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়।

Image
ঢাকার আশকোনার এই তিনতলা বাড়ি সূর্যভিলার নিচতলায় জঙ্গি আস্তানা গড়ে তোলা হয় বলে পুলিশ জানায়

ঢাকার আশকোনার এই তিনতলা বাড়ি সূর্যভিলার নিচতলায় জঙ্গি আস্তানা গড়ে তোলা হয় বলে পুলিশ জানায়

মনিরুল জানান, ওই বাসা থেকে মোট ১৯টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিটের ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’ তা নিষ্ক্রিয় করেছে।

উদ্ধার হওয়া অন্যান্য আলামতের মধ্যে রয়েছে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম, ল্যাপটপের ভাঙা যন্ত্রাংশ এবং দুটি পিস্তল।

মনিরুল বলেন, “অভিযান চলার সময় বাড়ির ভেতরে তারা কম বেশি প্রায় ১২ লাখ টাকা পুড়িয়েছে। কিছু দলিলপত্র আমরা বাসা থেকে উদ্ধার করেছি।

“আলামত যা পাওয়া গেছে, তার ভিত্তিতে বলা যায়, এখানে একটি বড় কিছু ঘটানোর জন্য তারা জড়ো হয়েছিল। বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে।”

মনিরুল বলেন, “সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযানের কারণে তাদের সেইফ হোম কমে গিয়েছিল। এই বাড়িটিকে তারা অফিস হিসেবেও ব্যাবহার করত।”

গুলশান হামলার পর বিভিন্ন আস্তানায় অভিযানের মধ‌্যে তামিম চৌধুরী মারা যাওয়ার পর নব‌্য জেএমবির সমন্বয়কের দায়িত্ব কাদেরী নিতে যাচ্ছিলেন বলে গোয়েন্দাদের দাবি।

তারা বলছেন, ‘আব্দুল করিম’ ও ‘শমসেদ’নামে সংগঠনে পরিচিত ছিলেন তিনি। করিম নাম ব্যবহার করেই তিনি বসুন্ধরা আবাসিকে গুলশান হামলাকারীদের জন্য ফ্ল্যাট ভাড়া করেছিলেন।

গাইবান্ধা সদর উপজেলার বাটিকামারি গ্রামের তানভীর কাদেরী লেখাপড়ার পাট চুকিয়ে দুটি বেসরকারি কোম্পানি ঘুরে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখায় উচ্চ পদে যোগ দিয়েছিলেন।

Image
আজিমপুরে গ্রেপ্তারের পর আদালতে তানভীর কাদেরীর স্ত্রীসহ তিন নারী (ফাইল ছবি)

আজিমপুরে গ্রেপ্তারের পর আদালতে তানভীর কাদেরীর স্ত্রীসহ তিন নারী (ফাইল ছবি)

২০০১ সালে তিনি বিয়ে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে লেখাপড়া শেষ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সেইভ দ্য চিলড্রেন’এ চাকরিরত ফাতেমাকে।

২০১৪ সালে হজ করতে সপরিবারে সৌদি আরবে যান তানভীর কাদেরী। সেখান থেকে ফিরে আসার পর তার মধ্যে ধর্মীয় উগ্রতা ধরা পড়ে আত্মীয়দের চোখে। ফাতেমাও তখন থেকেই হিজাব পরা শুরু করেন বলে স্বজনরা জানান।

হজ থেকে ফিরে ২০১৪ সালে ডাচ-বাংলার চাকরি ছেড়ে ‘আল সাকিনা হোম ডেলিভারি সার্ভিস’ নামে একটি ব্যবসা শুরু করেছিলেন কাদেরী।

এর মধ‌্যেই তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন বলে পুলিশের ভাষ‌্য। তার স্ত্রী আদালতে নিজের কর্মকাণ্ডের জন‌্য ক্ষমা চেয়ে বলেছেন, স্বামীর কারণেই নাশকতার এই পথে নেমেছিলেন তিনি।

কাদেরীর ছেলে আফিফ বাদে আশকোনায় নিহত অন‌্য নারী জঙ্গিনেতা সুমনের স্ত্রী। তার লাশ শনিবার সন্ধ্যায়ই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছিল পুলিশ।

মনিরুল জানান, আত্মঘাতী বিস্ফোরণে নিহত ওই নারী জঙ্গি ইকবালের স্ত্রী ছিলেন। তার সঙ্গে আহত মেয়েটিও তাদেরই।

“ইকবালের মৃত্যুর পর জঙ্গি সুমনের সঙ্গে বিয়ে হয় এই মহিলার।”

সুমন কোথায়- জানতে চাইলে মনিরুল বলেন, “সে নিখোঁজ রয়েছে দেড়মাস ধরে। আমরা তার খোঁজ পেতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

পলাতক মুসার সন্ধান পেতেও পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন। মুসার স্ত্রী ও মেয়ে আশকোনার বাড়ি থেকে আত্মসমর্পণের পর এখন ডিবির হেফাজতে রয়েছেন।

পুরনো খবর:

জঙ্গিবাদের প্রচার চালাতেন জঙ্গি কাদেরীর ছেলে
আশকোনায় অভিযান: জঙ্গিনেতা কাদেরীর ছেলেসহ নিহত ২
আশকোনার বাড়িতে গ্রেনেড, বিস্ফোরকের বেল্ট