২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট ৪৮ ঘণ্টাই: ওসমান আলী

মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা বলার কয়েক ঘণ্টার মধ্যে সে অবস্থান থেকে সরে এসেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 07:10 PM

Updated : 11 Oct 2022, 12:43 PM

পুরনো খবর:

‘এই নাটকের মানে কী?’
শাজাহান খানের মুখে কুলুপ
পরিবহন শ্রমিক ধর্মঘটে ভুগছে মানুষ 
ধর্মঘটে দুর্ভোগ সারা দেশে
এই মুহূর্তে শ্রমিকদের দাবি মানা সম্ভব না: কাদের
যাত্রাবাড়ীতে ক্যামেরা কেড়ে নিয়ে সাংবাদিককে হেনস্তা

রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সড়ক নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে সারা দেশে তাদের ‘কর্মবিরতি’ আগের ঘোষণা অনুযায়ী ৪৮ ঘণ্টাই চলবে।

গত ২৯ জুলাই রাজধানীতে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পর সারা দেশে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের প্রেক্ষাপটে সরকার দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা সড়ক পরিবহন আইন পাস করে। কিন্তু ওই আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলো বাতিল করার দাবি তুলেছেন পরিবহন শ্রমিকরা।

তাদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।

এসব দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে সারা দেশে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে নগর পরিবহন বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পরিবহন শ্রমিকদের এই দাবির বিষয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে পরিবর্তন করতে তো পারব না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।”

পরিবহন শ্রমিকদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “তাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যে কোনো ন্যায়সংগত বিষয় থাকলে পরে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে।”

মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ওসমান আলী বিকাল সোয়া ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কথাগুলো মন্ত্রী আগে বলতে পারতেন। আমরা একমাস আগে তাকে চিঠি দিলাম, এই সময়ের আমাদের সঙ্গে বসে কথাগুলা বললেন না কেন? আজকে যখন আমাদের আন্দোলন শুরু হল তখন উনি টিভিতে বললেন। উনি বা উনার মন্ত্রণালয় বললও না যে ‘উনাদের ডাকেন, তাদের সঙ্গে কথা বলি’।”

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সে সময় বলেন, “আমরা কি আওয়ামী লীগ বিদ্বেষী লোক? ২০১৩-১৪ সালে কি আমরা জীবন দিয়ে বিরোধীদলের অবরোধ ঠেকাই নাই? কারও সঙ্গে আমাদের বিরোধ নাই। উনাদের (সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়) সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।“

এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর রাত ৮টার দিকে ওসমান আলী টেলিফোনে  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, ‘বৈঠক না হওয়া পর্যন্ত’ কর্মসূচি চলবে বলে তিনি আটচল্লিশ ঘণ্টার বেশি ধর্মঘট চালানোর কথা বোঝাননি।

তিনি বলেন, “চলবে মানে কি, আটচল্লিশ ঘণ্টাই চলবে।"

জনদুর্ভোগ অবসানে আইনমন্ত্রী আনিসুল হকও পরিবহন শ্রমিকদের এই ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, “তারা যে কারণে ধর্মঘট করছেন, সেটা বোধহয় আইনটা সঠিকভাবে না বুঝে করছেন। সড়ক পরিবহন আইন যেটা হয়েছে আমার মনে হয় সেটা সড়কে দুর্ঘটনা কমানোর জন্য সহায়ক হবে এবং চালকরা যদি সঠিকভাবে গাড়ি চালায়, তাহলে তাদের জন্য সহায়ক হবে।”

আর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেছেন, “কোনো রকম নৈরাজ্য সৃষ্টির যে কোনো প্রচেষ্টা যেই করে থাকুক না কেন, সরকার সে বিষয়ে পদক্ষেপ নেবে।”

অবশ্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌমন্ত্রী শাজাহান খান এই ধর্মঘট নিয়ে কথা বলতে চাননি।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোন মন্তব্য নয়।”