পরিবহন শ্রমিক ধর্মঘটে ভুগছে মানুষ
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে সারা দেশে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে কোনো গন্তব্যের বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে শহর এলাকার বিভিন্ন রুটের বাস।
পরিবহন শ্রমিক নেতারা এই ধর্মঘটকে কর্মবিরতি বললেও পরিবহন শ্রমিকরা মোড়ে অবস্থান নিয়ে অন্য যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন। দুই একটি অটোরিকশা চললেও তা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিতে দেখেছেন আমাদের প্রতিবেদকরা।
সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ব্যক্তিগত গাড়ি আর রিকশা ছাড়া আর কোনো যানবাহন চোখে পড়েনি। বিআরটিসির বিভিন্ন ডিপো থেকে বাস চালানোর চেষ্টা করা হলেও পরিবহন শ্রমিকদের বাধায় চালানো যাচ্ছে না। শুধু বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী পরিবহনের বাস রাস্তায় দেখা গেছে।
গাবতলী ডিপোর ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান বলেন, “মিরপুর দশ নম্বরসহ কয়েক জায়গায় বাস আটকে দেওয়া হয়েছে। সেগুলো সেখানেই আছে। আমিও প্রায় এক ঘণ্টা ধরে মিরপুর দশ নম্বরে বসে আছি। পরিবহন শ্রমিকরা কোনো গাড়ি যেতে দিচ্ছে না। কামারপাড়া থেকে মতিঝিল যাওয়ার বাস আবদুল্লাহপুরে আটকে দেওয়া হয়েছে।"
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে সকালে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "কোনো বাস যাচ্ছে না আসছেও না। সবকিছু বন্ধ। আমরা তো গাড়ি চালাতে চাই। কিন্তু শ্রমিকরা না চালালে কি করি? এটার একটা সমাধান দরকার, সেজন্য আলোচনা দরকার।"
ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় লোকজনকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কিছু হিউম্যান হলার, ইজি বাইক এবং ব্যাটারি চালিত রিকশায় স্বল্প দূরত্বে যাতায়াত করছে লোকজন।
কিন্তু ওই আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলো বাতিল করার দাবি তুলেছে পরিবহন শ্রমিকরা।
তাদের দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।
বাংলাদেশ ট্রাক-কভার্ড ভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুস্তম আলী বলেন, “শ্রমিকদের দাবির সঙ্গে আমরা একমত। এজন্য এই কর্মসূচিতে আমাদের সমর্থন আছে। একজন শ্রমিককে যদি পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হয়, তাহলে সে কেন গাড়ি চালাতে আসবে। সে তো অন্য ব্যবসা করতে পারে।”
