যাত্রাবাড়ীতে ক্যামেরা কেড়ে নিয়ে সাংবাদিককে হেনস্তা
আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের মধ্যে ঢাকার যাত্রাবাড়ীতে জনভোগান্তির ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন ফটো সাংবাদিক।
রোববার সকাল থেকে এই ধর্মঘটে গণপরিবরহন বন্ধ রাখার কথা থাকলেও যাত্রাবাড়ীতে অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলতেও বাধা দেওয়া হয়।
খবর পেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন আলোকচিত্রী যাত্রাবাড়ীর আড়তের সামনে ছবি তোলার সময় একদল পরিবরহন শ্রমিক এগিয়ে এসে তাকে ছবি তুলতে নিষেধ করেন। এ সময় তারা মুখে পোড়া মোবিল মেখে দেওয়ারও হুমকি দেন।
তিনি কিছুটা সরে এসে আবারও ক্যামেরা বের করলে শ্রমিকরা তার ক্যামেরা কেড়ে নেন এবং মোটরসাইকেলের চাবি আটকে রাখেন।
তিনি বলেন, “ওরা যা ইচ্ছে তাই বলে গালাগাল করেছে। বলেছে, ‘তোদের মত সাংবাদিক দরকার নাই। তোরা সরকারের দালাল, তোরা আমাদের কথা লেখিস না, তোদের ছবি তোলার দরকার নাই’।”
যাত্রাবাড়ী এলাকায় বেশ কয়েকজন গাড়ি চালকও হেনস্তার মুখোমুখি হওয়ার কথা বলেছেন। তাদেরকে বলা হয়েছে কোনো গাড়িই চলতে পারবে না।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা গতকালও বলেছি কোথাও যেন যানবাহন চলাচলে বাধা দেওয়া না হয়। কিন্তু আজ সকালে কয়েকটি জায়গা থেকে এ ধরনের ঘটনার খবর পেয়েছি। মিরপুর এবং যাত্রাবাড়ী এলাকায় আমি লোক পাঠিয়েছি কারা এসব করছে তা দেখার জন্য।”
এই পরিবহন শ্রমিক নেতা বলেন, “আমাদের আন্দোলন বাধাগ্রস্ত করতে তৃতীয় কোনো পক্ষ এখানে ঢুকে পড়তে পারে। তারা অপকর্ম করে আমাদের ওপর দায় চাপানোর জন্য এসব করতে পারে। আমাদের শ্রমিকরা এসব করছে না।"
