ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বুধবার প্রকাশ হবে।
বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তিতে গত ২৮ সেপ্টেম্বর এই পরীক্ষা হয়েছিল।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৩ অক্টোবর বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
এ বছর ‘ক’ ইউনিটের ১৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮১,০৯৬জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়াই করেন ৪৬ জন প্রার্থী।
আনুষ্ঠানিক ফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>Ka<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
