সড়ক নিরাপত্তা আইন: ট্রাস্টি বোর্ডে থাকবে নাগরিক প্রতিনিধি
ট্রাস্টি বোর্ডে একজন নাগরিক প্রতিনিধি রাখাসহ সড়ক পরিবহন বিলের তিনটি ক্ষেত্রে সংশোধনী আনার সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
শনিবার সংসদীয় কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়। সংসদের চলতি অধিবেশনেই কমিটির প্রতিবেদন পেশ করা হতে পারে।
গত বৃহস্পতিবার বিলটি সংসদে তোলার পর সাত দিনের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দীর্ঘদিন ঝুলে থাকা এই আইনটি করার কাজে গতি আসে। নতুন আইনে বেপরোয়া মোটর যানের কবলে পড়ে দুর্ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের সাজার বিধান প্রস্তাব করা হয়েছে।
নিরাপদ সড়কের দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: মোস্তাফিজুর রহমান
ওই প্রেক্ষাপটে গত ৬ অগাস্ট মন্ত্রিসভা আইনটির প্রস্তাব অনুমোদন করে। খসড়া আইনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তকে আর্থিক সহায়তার জন্য ট্রাস্টি বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে।
শনিবার কমিটির বিশেষ আমন্ত্রণে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, প্রাবন্ধিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধি বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকে অংশীজনদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি একাব্বর হোসেন সাংবাদিকদের বলেন, “অংশীজনদের মতামত শোনা হয়েছে। পরে কমিটি বিলটি চূড়ান্ত করেছে। বিলে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি।”
তিনি জানান, ট্রাস্টি বোর্ডে একজন নাগরিক প্রতিনিধি রাখার প্রস্তাব তারা গ্রহণ করেছেন। এ ছাড়া শব্দগত কয়েকটি সংশোধনী আছে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি ‘সড়ক পরিবহন বিল, ২০১৮’ পরীক্ষা-নিরীক্ষা করে এবং বিলের ২৫(২), ৪৩(৪), ৫৪ দফায় সংশোধন ও সংযোজন সাপেক্ষে জাতীয় সংসদে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করে ।
বিলের ৫৪ দফায় ট্রাস্টি বোর্ড গঠন করার কথা বলা আছে। ৪৩ ধারাটি ‘এক্সেল ওজন’ সম্পর্কিত আর ২৫ (২) ধারাটি গাড়ির ফিটনেস সম্পর্কিত। এ দুটি ক্ষেত্রে কী সংশোধন আনা হয়েছে, তা কমিটির সংসদ সচিবালয় থেকে স্পষ্ট করা হয়নি।
তবে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, এখানে বড় ধরনের কোনো সংশোধনী প্রস্তাব করা হয়নি। কয়েকটি শব্দগত পরিবর্তন আনা হয়েছে।
কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়জুর রহমান এবং লুৎফুন নেছা বৈঠকে অংশ নেন।
