এসপি মিজান-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার মিজানুর রহমান ও তার স্ত্রী নীপা মিজানের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় পুলিশ সুপার পদমর্যাদার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ডেন্ট মিজানের নামে প্রায় এক কোটি ১৭ লাখ টাকা এবং তার স্ত্রীর নামে দুই কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বুধবার ঢাকার তেজগাঁও থানায় দুদকের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ বাদী হয়ে মামলা দুটি করেন বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন।
এসপি মিজানের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, তার জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৮ লাখ ৪০ হাজার টাকার বাড়িসহ ১৩ দশমিক ০৮ একর জমি, রাজধানীর তেজকুনিপাড়ায় এক হাজার ৮০০ বর্গফুট ও এক হাজার ৭১৮ বর্গফুটের দুটি ফ্ল্যাট, ঢাকার জুড়াইনে একটি দোকান, মিরপুরসহ বিভিন্ন মৌজার ৩ দাগে ১৫ শতাংশ জমি, উত্তরায় ৩ কাঠার আরেকটি প্লট রয়েছে।
এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকে ৯১ লাখ ১২ হাজার ৫৪৭ টাকা নগদ ও ৭৫ লাখ টাকার এফডিআর, মোল্লা এনপিকেএস লিমিটেড সার কারখানার নামে দুই লাখ টাকার শেয়ারের তথ্য পাওয়ার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও মিজানের নামে মেঘনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, মেসার্স খোয়াজ ফার্টিলাইজার, ফার্ম নেস্ট অ্যান্ড মিল্ক প্রডাক্টস লিমিটেড ও একটি মাইক্রোবাসের মালিকানার প্রমাণ পাওয়ার কথা মামলায় উল্লেখ করেছে দুদক।
অন্যদিকে মিজানের স্ত্রী নীপা মিজানের নামে উল্লেখযোগ্য সম্পদের মধ্যে ঢাকার মিরপুর মাজার রোডে তিন তলা ভবনসহ ৫ কাঠার জমি, ২ কাঠা জমিতে দোকান, ঢাকার কেরানীগঞ্জে দোতলা বাড়িসহ ১০ শতাংশ জমি ও ৬৬ শতাংশ জমি, তেজকুনিপাড়ায় এক হাজার ৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫ দশমিক ৩৮ একর জমি এবং ব্যবসায়ীক মূলধন ও নগদ অর্থসহ মোট সাত কোটি অাট লাখ ৬৩ হাজার ৩৮৪ টাকার অস্থাবর সম্পদ থাকার কথা উল্লেখ আছে এজাহারে।
২০১৬ সালে এসপি মিজানুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অর্জনের অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের উপ-পরিচালক এস এম মফিদুল ইসলাম এ অনুসন্ধান করেন।
এর আগে ২০১১ সালে এসপি মিজানের বিরুদ্ধে আরেকটি অভিযোগ অনুসন্ধান করেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।
ওই অনুসন্ধানে এসপি মিজানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি চাকরিতে থাকা অবস্থায় স্ত্রীর নামে ব্যবসা পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে মামলা করার সুপারিশ করলেও পরে অভিযোগটি নথিভুক্ত করে দুদক।
