দারুল ইহসানের সনদধারীদের এমপিওভুক্তির সিদ্ধান্ত স্থগিত
বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির সিদ্ধান্ত স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বিতর্কিত ওই বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের এমপিওভুক্তির বিষয়ে আদেশ জারির পরদিনই বুধবার তা স্থগিত করে নতুন এই আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
কেন আগের সিদ্ধান্ত স্থগিত করা হল- সে বিষয়ে কোনো ব্যাখ্যা নতুন আদেশে দেওয়া হয়নি।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, অনেকেই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ‘সনদ বানিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে’- সেই আশঙ্কায় ওই আদেশ স্থগিত করা হয়েছে।
“কেউ নিজে নিজে সনদ তৈরি করলে তা যাচাইয়ের কোনো পথ খোলা নেই। কারণ বিশ্ববিদ্যালয়টি অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আর সারা দেশে এই বিশ্ববিদ্যালয়ের ঠিক কতগুলো শাখা ছিল তাও কেউ স্পষ্ট করে বলতে পারবে না।”
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
“উক্ত সনদের ভিত্তিতে ইতোমধ্যে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত সংক্রান্ত সকল কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) গ্রহণ করবে।”
ওই আদেশ স্থগিতের অনুলিপি ইতোমধ্যে মাউশি মহাপরিচালক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ছাড়াও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পাঠানো হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারী তিন হাজারের মত শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির বিষয়টি আবারও ঝুলে গেল।
বেশ কয়েকটি মামলা ও রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সারা দেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সবগুলো ক্যাম্পাস অবৈধ ঘোষণা করলেও এই বিশ্ববিদ্যালয়ে থেকে পাস করাদের সনদ অবৈধ করেনি।
হাই কোর্টের রায়ের পর বিশ্ববিদ্যালয়টির সবগুলো ক্যাম্পাস বন্ধ করে দেয় সরকার। তাতে দারুল ইহসানের সনদ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের এমপিও নিয়ে এই জটিলতার সৃষ্টি হয়।
