বিড়ম্বনার অবসান চান বন্ধ দারুল ইহসানের শিক্ষার্থীরা
মালিকানা সঙ্কট, অনিয়ম-দুর্নীতি ও সনদ বাণিজ্যের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পাস করে যাওয়া শিক্ষার্থীরা বিড়ম্বনা থেকে বাঁচতে ‘বিশেষ ব্যবস্থাপনার’ দাবি তুলেছেন।
রোববার সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল্লাহ আল রেজা এই সব দাবি জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় সনদ তোলাসহ নানা জটিলতায় পড়েছেন তারা।
“যারা সনদ তোলেনি, তারা তুলতে পারছে না। যাদের সনদ হারিয়ে গেছে, তারাও অথৈ সাগরে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সনদ সত্যায়নের জন্য পাঠালে সেটার জবাব দেওয়ার কেউ নেই। সরকারের সিদ্ধান্তে আমরা কেন বিড়ম্বনায় পড়ব?”
রেজা জানান, বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত ইউজিসির ওয়েবসাইটে গেলে দারুল ইহসানের ঠিকানা বলতে ‘ধানমন্ডির রোড নম্বর ৯/এ, বাড়ি নম্বর ২১’ পাওয়া যেত। এটাই বৈধ ক্যাম্পাস। ইউজিসির ওয়েবসাইটে রেজিস্ট্রারের যে নাম ছিল, তিনি মূলত এই ক্যাম্পাসের রেজিস্ট্রার ছিলেন। এই ঠিকানাতেই ইউজিসির চিঠি আসত।
“এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে এই সম্পর্কিত জটিলতা নিয়ে আমরা কিছু জানতাম না। এতদিন সরকার বন্ধও করেনি। এ কারণে অনেকে ভর্তির সুযোগ পেয়েছে। সময়, মেধা, শ্রম ব্যয় করে আমরা পাস করেছি।”
তিনি ধানমণ্ডির ওই ক্যাম্পাসের সব সনদগ্রহীতার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনা দূর করতে সরকারের পদক্ষেপ দাবি করেন।
“সকল সরকারি-বেসরকারি চাকরিতে প্রবেশে বাধা দূর করা হোক। সনদগ্রহীতাদের সকল একাডেমিক তথ্য ও দলিলাদি সরকার বা ইউজিসির কাছে সংরক্ষণ করা হোক, যাতে শিক্ষার্থীদের প্রয়োজনে কোনো ডকুমেন্ট ইস্যু করা যায়। বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে প্রয়োজনে শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন সনদ সত্যায়নের সুযোগ পায়।”
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মালিকানা সঙ্কট, অনিয়ম, দুর্নীতি ও আউটার ক্যাম্পাসের মাধ্যমে ‘সনদ বাণিজ্য’ বন্ধ করাসহ বিভিন্ন সমস্যার সমাধানে ২০১০ সালের অক্টোবরে অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হককে প্রধান করে এক সদস্যের বিচার বিভাগীয় কমিটি করে সরকার।
২০১৩ সালের মার্চ মাসে বিচার বিভাগীয় সেই কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে তাদের তদন্ত প্রতিবেদন দেয়, যাতে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ করা হয়।
এরপর শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিষয়ে রাষ্ট্রপতি তথা আচার্যকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর দারুল ইহসানসহ ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৮টি ক্যাম্পাসে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করে দেয়।
অনিয়ম-দুর্নীতির অভিযোগে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিলেও উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়টি।
সম্প্রতি হাই কোর্টের রায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে যাওয়ায় ওই বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হল বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান।
