ক্ষতিপূরণ চাইতে পারবে দারুল ইহসানের শিক্ষার্থীরা
বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সচিবালয়ে বুধবার জেলা প্রশাসক সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ তথ্য জানান।
নাহিদ বলেন, “দারুল ইহসান অসংখ্য শাখা খুলে নানা ধরনের সার্টিফিকেট ব্যবসা করছে। আমরা বন্ধ করে দিয়েছিলাম, তারা স্টে অর্ডার নিয়ে টিকে ছিল। এখন হাই কোর্ট সরাসরি রায় দিয়েছে, জরিমানা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
দারুল ইহসানের ক্যাম্পাসসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে, আইনগত ভাবেই তা করা হয়েছে বলে জানান মন্ত্রী।
ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করার কারণেই সমস্যার সৃষ্টি হয়েছিল জানিয়ে নাহিদ বলেন, “এজন্য যার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সমস্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। অর্থাৎ যে ছাত্রের লেখাপড়া মাঝপথে থেমে গেছে সে কমপক্ষে পাঁচ লাখ টাকা দাবি করতে পারবে।”
শিক্ষার্থীরা দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষতিপূরণ চাইলে সরকার তাদের সহযোগিতা করবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এতে তারা অন্য জায়গায় পড়তে পারবে।”
মালিকানা সঙ্কট, অনিয়ম-দুর্নীতি ও ‘সনদ বাণিজ্যের’ অভিযোগে সোমবার দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার।
এছাড়া হাই কোর্টের রায়ের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসও বন্ধ ঘোষণা করেছে।
শিক্ষামন্ত্রী বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনেই আছে কেউ আউটার ক্যাম্পাস করতে পারবে না। পরিপূর্ণ-পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থাকবে সেখানে শিক্ষার্থীরা লেখাপড়া করবে।
“সে যদি ক্যাম্পাসই না জানে, ভিসিকে না চেনে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে পরিচিত না হয়, রাজশাহীতে বসে সার্টিফিকেট পেয়ে গেল, এতে পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হল না।”
কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে তারপর পদক্ষেপ নিতে শিক্ষার্থী-অভিভাবকদের প্রতি আহ্বান জানান নাহিদ।
“যেসব বিশ্ববিদ্যালয় আইন মানে না, যাদের বাতিল করে দেওয়া হয়েছে, যারা কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে চলছে- আমরা প্রকাশ্য বিজ্ঞাপন দিয়ে তা জানিয়ে দিয়েছি।”
আউটার ক্যাম্পাসের ব্যাখ্যায় শিক্ষামন্ত্রী বলেন, যে বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অবস্থিত, সেটি সেখানেই কার্যক্রম চালাবে, ঢাকায় ক্যাম্পাস খুলতে পারবে না।
“ঢাকায় মূল ক্যাম্পাস, কিন্তু চট্টগ্রামে তিনটি, রাজশাহীতে পাঁচটি শাখা খুলে বসে আছে, ছাত্ররা সেখানে যাতায়াত করে, তাদের সার্টিফিকেট দেয়। ওই ধরনের ক্যাম্পাস আর খুলতে পারবে না। বিশ্ববিদ্যালয় একটি হবে, অখণ্ড জমির মধ্যে তার একটাই ক্যাম্পাস হবে।”
ডিসি সম্মেলন
জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষার্থীদের জড়িয়ে পড়া ঠেকাতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেছেন, “গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে দেশ জঙ্গিবাদের মুখোমুখি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, অন্য মন্ত্রণালয় থেকেও তারা (ডিসি) নির্দেশনা পাবেন। আমরা সতর্ক করেছি এজন্য যে, অভিভাবক বাদে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ শিক্ষা পরিবারের।
“তরুণ ছেলেরা ভিকটিম হয়ে যাচ্ছেন এবং জঙ্গি বানানোর জন্য তাদেরই টার্গেট করা হয়েছে। এজন্য আরও হুঁশিয়ার থাকতে হবে।”
শিক্ষার্থীদের ‘ভালো মানুষ’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে নাহিদ বলেন, কেউ বিপথগামী হয়ে জঙ্গিবাদে গেলে তার নিজের পাশাপাশি দেশেরও সর্বনাশ হবে।
“ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিরা যেন তা কার্যকর করেন, দৃষ্টি রাখেন, সে বিষয়ে তাদের বলা হয়েছে।”
গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে সরকারের বৈঠকের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ডিসিরাও যেন এ বিষয়ে সতর্ক থাকেন।
“জঙ্গিবাদ মোকাবেলায় শিক্ষকদের আরও দায়িত্বশীল করে তুলতে হবে। শিক্ষকদেরও শিক্ষার্থীদের ভালভাবে চিনতে-জানতে হবে, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ডিসিদেরকে এসব কাজে সম্পৃক্ত হতে বলেছি।”
ময়মনসিংহের কলসিন্দুর বিদ্যালয়ের মেয়েরা ভাল ফুটবল খেলায় তাদের জন্য তিন তলা ভবন নির্মাণ এবং খুলনা জিলা স্কুলের ছাদ মেরামতে এক সপ্তার মধ্যে প্রধান প্রকৌশলীকে বরাদ্দ উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
