ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিগগির এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ওঠা দুর্নীতি-অনিয়মের অভিযোগের সত্যতা যাচাইয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) তদন্ত চালাচ্ছে।
রোববার সংসদে নূর ই হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয় বিকেল ৫টা ২০ মিনিটে।
আউটার ক্যাম্পাস স্থাপন ও সনদ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কুইন্স ইউনিভার্সিটি ও আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির কার্যক্রম সরকার বন্ধ ঘোষণা করেছে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, উচ্চ শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অ্যাক্রিডিটেশন কাউন্সিল সংক্রান্ত প্রবিধানের খসড়া প্রস্তুত করা হয়েছে যা শিগগির চূড়ান্ত হবে।
অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন হলে যেসব বিশ্ববিদ্যালয় মানসম্মত নয় সেগুলোর বিরুদ্ধে প্রবিধানমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি ও নৈরাজ্য বন্ধের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এক সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫২ ঘ.
bdnews24