ঝুলে থাকা বিষয়ের সমাধান দরকার: শ্রিংলা
দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তির মতো ঝুলে থাকা বিষয়গুলোর নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের হাই কমিশার হর্ষ বর্থন শ্রিংলা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘পার্টিশন পলিটিক্স: ইম্প্যাক্টস অন সোসাইটি, ইকোনোমি, কালচার অ্যান্ড ইন্দো-বাংলা রিলেশনস (১৯৪৭-২০১৮)’ শীর্ষক তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে সমাপনী অধিবেশনে বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
শ্রিংলা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, আগে কখনও এই মাত্রায় ছিল না।
“এখন কীভাবে এই সম্পর্ককে স্থায়ী করা যায় সে বিষয়টি গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে যে সকল ইস্যুগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে, তার সমাধান করা উচিত।”
ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়সহ সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি হলেও তিস্তার পানি বণ্টন চুক্তির জটিলতা এখনও কাটেনি।
শ্রিংলা বলেন, “আমরা দেখেছি, দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি সমস্যার সমাধান ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তির মাধ্যমে সমাধান হয়েছে। সীমান্তে মৃত্যুসহ আরও অনেক ইস্যু রয়েছে, যা সমাধান করা উচিত। বিশেষ করে তিস্তা পানি বণ্টন চুক্তির বিষয়ে একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে।”
রোহিঙ্গা সংকট নিরসনে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশকেই ভারত সঠিক পথ দেখাতে চেষ্টা করবে, বলেন হাই কমিশনার।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন শ্রিংলা।
ভারতের পক্ষ থেকে বাংলাদেশে কয়েকটি প্রকল্পে বিনিয়োগের কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন, ভারতের সরকারি ও বেসরকারি খাত বাংলাদেশের কয়েকটি প্রকল্পে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এছাড়া ভারত ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে, যা ভবিষ্যতে ১২০০ মেগাওয়াট করা হবে।
বাংলাদেশ ভারতের ঐতিহাসিক ও ভৌগলিক মেলবন্ধনের কথা তুলে ধরেন শ্রিংলা।
এই সম্মেলনটির আয়োজন করে জন-ইতিহাস চর্চা কেন্দ্র ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেক্টিভ (আরডিসি)। আর এতে সহ-আয়োজক হিসেবে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেন, “আমরা অনেক দেশের সাথে অনেক বিষয়ে চুক্তি করি। তবে ভারতের সাথে চুক্তি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেননা আমরা একে অপরকে বুঝতে পারি।"
জন-ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেক্টিভ (আরডিসি) এর চেয়ারপার্সন অধ্যাপক ড. মেজবাহ কামালে সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির পরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. কুলবীর সিং ঢিলন, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুচেতা মহাজন।
