২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন জালিয়াত চক্রের ৯ সদস্য আটক

বিসিএস, বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং সরকারি চাকরির নিয়োগ ও ভর্তিতে জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের নয় সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 10:24 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

টানা পাঁচ দিন সিরাজগঞ্জ ও রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে তাদের আনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

গ্রেপ্তারকৃতরা হলেন- অলিপ কুমার বিশ্বাস, গোলাম মোহাম্মদ বাবুল, হোসনে আরা বেগম, মো. ইব্রাহিম, আইয়ুব আলী বাঁধন, মোস্তফা কামাল, মনোয়ার হোসেন, নুরুল ইসলাম ও হাসমত আলী সিকদার।

ঢাকার এলিফ্যান্ট রোড থেকে গ্রেপ্তার অলিপ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার বাঁধন ও সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার মোস্তফা ও ইব্রাহিমকে এই চক্রের ‘হোতা’ বলছেন সিআইডি কর্মকর্তারা।

অলিপ বিকেএসপির সহকারী পরিচালক, মোস্তফা কামাল বিএডিসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা, ইব্রাহিম ৩৬তম বিসিএসে নন ক্যাডার পদে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত এবং আয়ুব আলী বাঁধন ৩৮তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ।

সিআইডির বিশেষ সুপার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই চক্রটি গত কয়েক বছর ধরে বিসিএস পরীক্ষাতেও জালিয়াতি করে আসছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘ডিজিটাল জালিয়াতির মাস্টারমাইন্ড’ অলিপ   জালিয়াতির মাধ্যমে কয়েক বছরে ‘তিন কোটি টাকার বেশি’ আয় করেছে বলে জানান তিনি।

তাদের কাছে প্রায় ১০ কোটি টাকার নগদ অর্থ ও সম্পদের সন্ধান পেয়েছেন সিআইডি কর্মকর্তারা। তারা বলেন, দরিদ্র পরিবারের ইব্রাহিম ৩৬ লাখ টাকার দামি গাড়িতে চলাচল করতেন।

সিআইডি কর্মকর্তা নজরুল বলেন, ইব্রাহিম খুলনার মুজগুন্নী এলাকায় সাড়ে ছয় শতাংশ জমির উপর চারতলা ভবন নির্মাণ করেছেন, নড়াইলে তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি। এছাড়াও তার অবৈধ মানি এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে।

অলিপ, ইব্রাহিম, বাঁধন ও মোস্তফা পুলিশকে জানিয়েছেন, কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের পর ঢাকার আলিয়া মাদ্রাসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের দুটি কক্ষে বসে অভিজ্ঞদের দিয়ে প্রশ্নের সমাধান করে ‘ডিজিটাল ডিভাইস’র মাধ্যমে পরীক্ষার হলে পরীক্ষার্থীর কাছে সরবরাহ করা হত।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্তে সিআইডি ‘বিশেষ নজর’ দিয়ে কাজ করছিল। গত বছর ১৯ অক্টোবর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াত চক্র ধরতে অভিযান পরিচালিত হয়। এরপর নাটোরের ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসানসহ এই চক্রের ২৮ আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রশ্নফাঁস চক্রের পুরো চক্র চিহ্নিত করা গেলেও ‘ডিভাইস চক্র’টিকে এতদিন ধরা যাচ্ছিল না জানিয়ে মোল্যা নজরুল বলেন, গণমাধ্যমে নাম প্রকাশের পর চক্রের প্রধান অলিপ গা ঢাকা দিয়েছিলেন।

গত কয়েক বছরে বিসিএস, বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানে শতাধিক ব্যক্তিকে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এসকল ব্যক্তিকেও আইনের আওতায় আনার চেষ্টা করছে সিআইডি।

“এদেরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতি দুটো চক্রকেই চিহ্নিত করা গেছে।”

পরীক্ষার কেন্দ্র থেকে পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে রাজধানীর অগ্রণী স্কুলের ইংরেজির শিক্ষক গোলাম মোহাম্মদ বাবুল, অফিস সহায়ক (পিওন) মনোয়ার হোসেন এবং নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

একই অভিযোগে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক হোসনে আরা বেগম এবং পিওন হাসমত আলী শিকদারকে গ্রেপ্তারের কথা জানান তিনি।

বুধবার গ্রেপ্তারের সময় হাসমতের কাছে ওই দিনের বিসিএস লিখিত পরীক্ষার কয়েকটি প্রশ্নপত্র এবং ৬০ হাজার টাকা পাওয়া গেছে বলে জানান এই বিশেষ পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে উপস্থিত লেন সিআইডি অর্গানইজড ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, আসলাম উদ্দিন, শিরিন সুলতানা এবং সুমন মিয়া।

গ্রেপ্তার ৬ জন রিমান্ডে

গ্রেপ্তার নয়জনের মধ্যে ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ঢাকার মহানগর হাকিম ফাহদ বিন আমিন চৌধুরী।

রিমান্ডে পাঠানো হয়েছে মোস্তফা কামাল, ইব্রাহিম, বাঁধন, আনোয়ার, নুরুল ইসলাম ও হাসমত আলীকে।

অলিপ ও হোসনে আরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

অগ্রণী স্কুলের শিক্ষক গোলাম মোহাম্মদ বাবুলকে পাঠানো হয়েছে কারাগারে।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী সুপার সুমন কুমার দাস ৯ আসামিকে আদালতে হাজির করেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহবাগ থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পাবলিক  পরীক্ষা নিয়ন্ত্রন আইনের মামলটি গত বছরের অক্টোবর মাসে দায়ের করা হয়।

আসামিদের মধ্যে হাসমত আলীর পক্ষে তার আইনজীবী মিজানুর রহমান জামিনের আবেদন করেন। অন্য আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আরও খবর

ব্যাংক পরীক্ষায় ডিভাইসসহ ৫ পরীক্ষার্থী ধরা  

ব্যাংক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪  

নাটোরের ক্রীড়া কর্মকর্তা সিআইডি সদর দপ্তরে