২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ভ্রমণ সতর্কতা তুলতে জাপানকে আহ্বান

দুই বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি  হামলার পর বাংলাদেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য জারি করা জাপানের সতর্কতামূলক পরামর্শ পর্যালোচনার অনুরোধ করেছে বাংলাদেশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 11:40 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

মিয়ানমার সফর শেষে মঙ্গলবার দুই দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

তিনি বলেন, “১  জুলাই ২০১৬’র সন্ত্রাসী হামলার পর বাংলাদেশকে সমর্থন এবং পাশে থাকার জন্য জন্য জাপানের কাছে আমরা কৃতজ্ঞ।

"হলি আর্টিজানের ঘটনার তদন্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং গত ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।”

সন্ত্রাস নির্মূলে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সন্ত্রাস নির্মূলে জাপান আমাদের সঙ্গে থাকবে; একই সঙ্গে তারা ভ্রমণ সতর্কতা পুনর্বিবেচনা করে দেখবে বলে আমি আশা রাখি।”

২০১৫ সালের অক্টোবরে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি চালিয়ে হত্যার পর বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ নিয়ে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা জারি করে।

পরের বছর হলি আর্টিজানে জঙ্গি হামলায় যে ১৭ বিদেশি নিহত হন, তার মধ্যে সাতজন ছিলেন জাপানের নাগরিক। তাদের ছয়জন বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে যুক্ত ছিলেন।

গত নভেম্বরের পর চলতি বছরে বাংলাদেশে এটা তারো কোনোর দ্বিতীয় সফর।

‘বৈঠক ফলপ্রসূ হয়েছে’ জানিয়ে সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে তারো কোনো বলেন, “আশা করি, এই আন্দোলন শান্তিপূর্ণভাবে দ্রুতই শেষ হবে।”

এই বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও আলোচনা হয়।

জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীরা যেন নিরাপদে, স্বেচ্ছায় এবং সম্মানের সঙ্গে ফিরে যেতে পারে তার উপর জোর দিচ্ছেন তারা।

“সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আমরা একমত।”

‘মুক্ত ও খোলা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভিত্তিক আইন-শৃঙ্খলা’ প্রণয়নে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তারো কোনো।

আরও খবর

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে জাপানের তাগিদ  

বাংলাদেশ ভ্রমণে জাপানের সতর্কতা নেই: অর্থমন্ত্রী  

‘জাপানে ফিরে বলব, বাংলাদেশ নিরাপদ দেশ’