২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ভ্রমণে জাপানের সতর্কতা নেই: অর্থমন্ত্রী

বাংলাদেশে ভ্রমণে জাপান সরকার তাদের সতর্কতামূলক পরামর্শ (অ্যাডভাইজারি) প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 10:13 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

তিন দিনের জাপান সফর করে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, “জাপানের অর্থমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠক হয়। তিনি বললেন, আলোচনার কোনো বিষয় নেই। কেননা সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই অ্যাডভাইজারি বাতিল। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের রিজার্ভেশন আর নেই, এখন এটা ইফেকটিভ হতে যা সময় লাগবে।”

বাংলাদেশে ভ্রমণে জাপানিদের সতর্কতা প্রত্যাহারের বিষয়টি দেশে ফিরেই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান অর্থমন্ত্রী।

গত বছরের অক্টোবরে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি চালিয়ে হত্যার পর বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ নিয়ে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা জারি করে।

এরপর এই বছরের জুলাইয়ে গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় যে ১৭ বিদেশি নিহত হন, তার মধ্যেক সাতজন ছিলেন জাপানের নাগরিক। তাদের ছয়জন বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে যুক্ত ছিলেন।

মুহিত বলেন, “গত ১ জুলাইয়ের (হলি আর্টিজানে হামলা) পর জাপানের সঙ্গে আমাদের যত নেগোশিয়েশন হয়েছে, সবগুলো আমাদের দেশের বাইরে হয়েছে, থার্ড কান্ট্রিতে।

“সেখানে (জাপান) যাওয়ার পর প্রথম জাইকার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি সেখানে বললেন আমাদের ডিসকাশন করার তো বেশি কিছু নেই। আমাদের বাংলাদেশ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমরা কোনো রেস্ট্রিকশন পারত পক্ষে মানি না, বাধ্য হয়ে মানি। আমাদের জন্য বাংলাদেশ ওপেন।”

বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ জাপানের অর্থায়নে ঢাকায় মেট্রোরেলসহ বিভিন্ন প্রকল্পের কাজ চলছে।