২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে জাপানের তাগিদ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে তাগিদ দিয়েছে জাপান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 10:39 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

বুধবার দুই দিনের সফরে আসা জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে একথা জানান।

তারো কোনো মিয়ানমার থেকে দুপুরে ঢাকায় আসার পর বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “সাক্ষাতকালে রোহিঙ্গা ইস্যু নিয়ে দুই জনের মধ্যে আলোচনা হয়েছে।”

ইহসানুল করিম বলেন, “জাপানের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘রাখাইন রাজ্যে দ্রুততার সাথে আবাসস্থল ও স্কুলসহ অবকাঠামো নির্মাণ করতে বলেছি’।

“রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক এবং জাতিসংঘের সংস্থার সঙ্গে চুক্তি করার কথাও মিয়ানমার পক্ষ থেকে জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।”

বাংলাদেশে আশ্রয় নেওয়া নিজ দেশের নাগরিকদের দুর্দশা দেখতে মিয়ারমারকে একটি প্রতিনিধিদল পাঠানোর কথাও বলেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ ও মিয়ানমার উভয়কেই জাপানের সহযোগী রাষ্ট্র হিসাবে উল্লেখ করেন তারো কোনো।

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা এই বর্ষা মৌসুমের প্রতিকূল অবস্থা যেন মোকাবেলা করতে পারে সেজন্য দুই মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথাও বলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গাদের সহায়তার জন্য বিভিন্ন সংস্থার যারা কক্সবাজারে কাজ করছেন, তারা যেন রোহিঙ্গারা ফিরে গেলে মিয়ানমারে কাজ করতে পারে তার উপরও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

২০২৩-২৪ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য বাংলাদেশের সমর্থনও চান জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও ২০২৫ সালে জাপানের ওসাকায় ওয়ার্ল্ড এক্সপোর জন্য সমর্থন চান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন মূখ্য সচিব মো. সজিবুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রুবাবা ফাতেমা। 

সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা চার লাখের মতো রোহিঙ্গা গত কয়েক দশক ধরে বাংলাদেশে রয়েছে।

গতবছর ২৫ অগাস্টে মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত আরও সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।

আরও খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআরের সঙ্গে সমঝোতা স্মারক