২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাপানে ফিরে বলব, বাংলাদেশ নিরাপদ দেশ’

সাত মাস আগে ঢাকায় জঙ্গি হামলায় সাত স্বদেশীকে হারানোর বেদনা সঙ্গী করেই বাংলাদেশের প্রকৃতি আর মানুষ নিয়ে নিজেদের মুগ্ধতা ছড়িয়ে গেলেন ১৮ জাপানি; নিরাপত্তা নিয়েও সন্তুষ্টির কথা বললেন তারা।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 12:58 AM

Updated : 11 Oct 2022, 01:23 PM

পাঁচ দিনের জন‌্য ভ্রমণে আসা এই পর্যটকদের জাপানিদের কাছে বাংলাদেশিদের আসল পরিচয় মেলে ধরার আহ্বান জানালেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননও।

“জুলাইয়ের যেই ঘটনা ঘটেছে সেটা বাংলাদেশের চিত্র না। আপনারা বাংলাদেশ ঘুরে এখানকার মানুষের যেই হাসি দেখেছেন, তাদের আতিথেয়তা দেখেছেন, তাদের আন্তরিকতা ভালবাসা দেখেছেন, সেটাই বাংলাদেশের প্রকৃত চিত্র,” বললেন মন্ত্রী।

তার কথায় সায় দিয়ে ইয়াৎসু ইয়াশিতা বললেন, “এবার ফিরে গিয়ে জাপানিদের বলব, বাংলাদেশ এখনও একটা নিরাপদ দেশ। সবাই নিশ্চিন্তে বাংলাদেশ ঘুরতে আসতে পারে।”

৩০ বছর আগে বাংলাদেশে ঘুরে গিয়েছিলেন ইয়াশিতা। হলি আর্টিজান বেকারিতে হামলার পর বাংলাদেশে চলাচলে বিভিন্ন দেশ যেখানে তাদের নাগরিকদেরকে সতর্ক করছিল, তখনও হামলার ২১ দিনের মাথায় পরিবার নিয়ে বেড়াতে এসেছিলেন এই জাপানি।

“অনেকটা জোর করেই পরিবার নিয়ে বাংলাদেশে এসেছিলাম। আমার কাছে ঘটনাটি বিচ্ছিন্ন মনে হয়েছিল। এবার এখানে আসার পর ট্যুরিস্ট পুলিশসহ সবার সহযোগিতা পেয়েছি।”

এবার আরও ১৭ জাপানির সঙ্গে বাংলাদেশে এলেন ইয়াশিতা। রাজধানীর কাছের নবাবগঞ্জ ও মানিকগঞ্জের দুটি গ্রাম ঘুরে দেখেন তারা।

মঙ্গলবার সকালে ঢাকা ছাড়ার আগে সোমবার রাতে পর্যটনমন্ত্রীর দেওয়া এক নৈশভোজে অংশ নেন এই জাপানিরা। পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশে এই নৈশভোজে তারা সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন।

এই পর্যটকদের মধ্যে সবচেয়ে কম ২১ বছর বয়সী তোতোমো সাহাহারা বাংলাদেশের মানুষের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য ও স্বপ্ন দেখতে পান।

তিনি বলেন, “এদেশের মানুষ স্বপ্ন দেখতে জানে। তারা কী হতে চায় জানতে চাইলে তার উত্তর দিতে পারে। জাপানের তরুণদের প্রশ্ন করলে অনেকেই উত্তর দিতে পারে না।”

সুসুমো কিসো নামে আরেক পর্যটক মুগ্ধ হন বাংলাদেশের মানুষের আতিথেয়তায়।

“এখানকার জনগণ অনেক। তারা কাজের সুযোগ পেলে এই দেশ ঘুরে দাঁড়াবে। এখানকার শিশুদের শেখার আগ্রহ আছে। শিক্ষার সুযোগ পেলে তারা অনেক দূর এগিয়ে যাবে।”

বাংলাদেশের মানুষের আচরণ বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জাপানের একটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক রায়তা মাজিমা।

“এদেশের মানুষের আচরণ বন্ধুত্বপূর্ণ, তাদের সুন্দর হাসি আছে, তাদের কাজ করার শক্তি আছে। এখানে আসার পর ট্যুরিস্ট পুলিশসহ সবাই আমাদের সহযোগিতা করেছে।”

জাপানি একটি প্রতিষ্ঠানের প্রকৌশলী চিইকো মিতসুভা বলেন, “এই দেশে একটা বিষয় অবাক লাগে, দারিদ্র্যসীমার নিচে বসবাস করলেও এখানকার শিশুদের ছবি তুলতে চাইলে বা তাদের সঙ্গে কথা বলতে চাইলে কেউ বকশিস চায় না। বাংলাদেশের পাশের অনেক দেশের লোকই কথা বলে ছবি তুলতে চাইলে বকশিস চায়।”

অবসরপ্রাপ্ত এক জাপানি সরকারি কর্মকর্তা বলেন, “এখানকার ট্রাফিক জ্যামটা খুব কষ্টকর হলেও চাইলে সেটাও উপভোগ করা যায়। গাড়িটা যখন রাস্তায় আটকে থাকে তখন রাস্তার চারপাশে দৃশ্য দেখলে চলমান জীবন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

“জাপানে ফিরে গিয়ে সেখানকার লোকজনকে এদেশের গ্রাম ও সেখানকার মানুষের জীবন দেখতে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানাব।”

এত এত প্রশংসা হলেও পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে কিছু দুর্বলতার কথাও তুলে ধরেন আরেক পর্যটক।

তার ভাষ‌্য, বাংলাদেশে পর্যটকদের জন্য দরকারি অবকাঠামো নেই। এইদিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। তাছাড়া আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিলে ভালো হয়।

নৈশ ভোজের আগে জাপানি নাগরিকদের উদ্দেশে মন্ত্রী মেনন বলেন, “যারা বাংলাদেশ ঘুরে যাওয়ার সুন্দর অভিজ্ঞতার কথা বললেন- এই অভিজ্ঞতা বলার জন্য, তাদের আন্তরিকতার জন্য, ভালবাসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”

হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় সাতজন জাপানির মারা যাওয়ার জন‌্য দুঃখ প্রকাশ করে তিনি জঙ্গি ও সন্ত্রাসীদের মোকাবেলায় সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন।

“বিশ্বাস করি, এরই মধ্যে আপনাদের এই বিশ্বাস তৈরি হয়েছে- বাংলাদেশ একটি নিরাপদ দেশ। এখানে আপনাদের জন্য দরজা সব সময় খোলা আছে।”

সাম্প্রতিক কয়েক বছরে শুরু টার্গেট কিলিংয়ের মধ্যে রংপুরে কুনিও হোশি নামে এক জাপানিকে গুলি করে হত্যার পর গত বছরের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে সাত জাপানি নাগরিক রয়েছেন।

পরে শোলাকিয়া হামলার পর সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবিরোধী দমনে কঠোর হয়। র‌্যাব ও পুলিশের অভিযানে প্রায় অর্ধশত জঙ্গি নিহত ও অনেকে গ্রেপ্তার হয়।

গত বছরের জুলাইয়ের পর থেকে চলতি বছরের শুরুতে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো জঙ্গি হামলা ও টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটেনি।

Image
.

.

জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করে তা দমনে জাপানের সমর্থন ও সহযোগিতা চান পর্যটনমন্ত্রী মেনন।

বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, “এরই মধ্যে জাপানের সহযোগিতায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ শুরু করেছি।

“দেশের সবচেয়ে বড় বিমানবন্দরটি, যেটি হবে বঙ্গবন্ধু বিমানবন্দর, সেটিও জাপানি কোম্পানি নিপ্পন কোয়ি দেখছে। একই সঙ্গে কক্সবাজারের মাতারবাড়িতে যে বিদ‌্যুৎকেন্দ্র নির্মাণ হতে যাচ্ছে সেটিও।”

বাংলাদেশে বেড়াতে আসার পাশাপাশি বিনিয়োগকারী যারা রয়েছেন তাদেরকেও এখানে বিনিয়োগ করতে বলার জন্য জাপানের পর্যটন দলটির প্রতি আহ্বান জানান মেনন।

পর্যটক দলটির সদস্যদের বারবার বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে এক্ষেত্রে বয়স্ক পর্যটকদের জন্য ভবিষ্যতে বিভিন্ন সুবিধা বাড়ানোর কথা জানান।

মেনন বলেন, “আমি স্বীকার করি, ট্যুরিজমের ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে। এছাড়া অবকাঠামোগত দুর্বলতাও আছে।”

নতুন অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে জাপানের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “আমরা আশা করছি আপনাদের সহযোগিতা পেলে, সমর্থন পেলে অবশ্যই বাংলাদেশ এগিয়ে যাবে।”