সিঙ্গাপুরে সমকাল সম্পাদকের চিকিৎসা শুরু
সিঙ্গাপুরে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের চিকিৎসা শুরু হয়েছে।
শনিবার বাংলাদেশ সময় সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে দৈনিক সমকালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য শুক্রবার মধ্যরাতে গোলাম সারওয়ারকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। তিনি হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছেন।
সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারকে রোববার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, গোলাম সারওয়ার হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে পানি জমেছে এবং নিউমোনিয়া সংক্রমণ আছে।
হার্টের পাশাপাশি তিনি কিডনি, ফুসফুসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত।
