২৯ জুলাই জাতীয় ডাক দিবস পালনের উদ্যোগ
মুক্তিযুদ্ধে বাংলাদেশ ডাক বিভাগের গৌরবোজ্জ্বল দিন হিসেবে ২৯ জুলাই জাতীয় ডাক দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ ডাক বিভাগ এবং ফিলাটেলিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে ‘ডাক টিকিট দিবস ২০১৮’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার একথা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০০৩ সাল থেকে ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডাক টিকিট দিবস পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের বিষয়। ১৯৭১ সালে মুজিবনগর সরকার আটটি ডাকটিকিট প্রকাশ করে বহির্বিশ্বে স্বাধীন বাংলার অস্তিত্ব প্রকাশ করেছে। ডিজাইনার বিমান মল্লিকের অবদান চির অম্লান হয়ে থাকবে।”
মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিব নগর সরকারের প্রকাশিত আটটি ডাক টিকেট ইতিহাসের অংশ হিসেবে আবারও প্রকাশ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “স্বাধীনতার এ গুরুত্বপূর্ণ অংশটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকটিকিট দিবস উদযাপন উপলক্ষে মন্ত্রী ডাক অধিদপ্তর প্রকাশিত পাঁচ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন।
এতে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।
ঢাকার জিপিও এর ফিলাটেলিক ব্যুরোতে রোববার থেকে বিক্রি হচ্ছে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড।
পরবর্তীতে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে।
উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতেও বিশেষ সিলমোহরের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল এবং ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের পক্ষে আনোয়ার হোসেন মল্লিক।
