২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্টমস দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম এবং একটি বিশেষ সিলমোহর উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 04:52 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে শেখ হাসিনা এই ডাক টিকেট ও খাম উন্মোচন করেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকেট, একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড ও বিশেষ সিলমোহর উন্মোচন করেন।

আগামী ২৬ জানুয়ারি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ১৮২টি সদস্য দেশের সঙ্গে বাংলাদেশেও ‘অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরাপদ বাণিজ্য পরিবেশ’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হবে।

২০১০ সাল থেকে বাংলাদেশ আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করে আসছে।

মন্ত্রী-সচিবরা পেলেন শীতলপাটি

শীতলপাটির বয়নপদ্ধতি ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়ায় মন্ত্রিসভার সদস্য এবং মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত সচিবদের একটি করে শীতলপাটি দেওয়া হয়েছে।

সচিব জিয়াউল আলম বলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য এবং সচিবদের শুভেচ্ছা স্মারক হিসেবে শীতলপাটি দেন।