২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শেষ প্রচারে ব্যস্ত নৌকার প্রার্থী, অন্যরা নীরব

বরিশালের সিটি করপোরেশন নির্বাচনে শেষদিনের প্রচারে আওয়ামী লীগের সরব উপস্থিতি থাকেলও বিএনপিসহ অন্য দলগুলোর প্রার্থীদের প্রচার তেমন চোখে পড়েনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 06:44 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

বিশেষ করে নগরীতে রাজনৈতিক কর্মকাণ্ডের মূল স্থান হিসেবে পরিচিত সদর রোডে নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে আওয়ামী লীগ ও সরকার সমর্থক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেছে।

সদর রোড ছাড়াও নগরীর পুরো এলাকা জুড়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে প্রচার রয়েছে চোখে পড়ার মত।

সদর রোডের একপাশে বিএনপির মহানগর ও জেলা কার্যালয়। বিএনপি কার্যালয় থেকে কয়েকশ গজ দূরে বিবির পুকুরের পূর্ব-দক্ষিণ পাশে মহানগর আওয়ামী লীগ কার্যালয়।

৩০ জুলাই এই সিটি করপোরেশনের নতুন মেয়র এবং কাউন্সল বেছে নিতে রায় দেবেন ভোটাররা।

শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার। এর আগে শেষমুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েন সরকার সমর্থক নেতাকর্মীরা। 

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৌকার পক্ষে খণ্ড খণ্ড দলে বিভিক্ত হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া-মহল্লা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন।

এছাড়া রিকশা ও অটোরিকশায় মাইকিংও চলছে শহরজুড়ে। নগরীর প্রতিটি অলগলিতেও নৌকা প্রতীকের প্রার্থী সাদিক আবদুল্লাহর পোস্টার ঝুলছে।

বিপরীতে শেষদিনের প্রচারে বিএনপি, বাসদ, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির লাঙ্গলের পক্ষে খুব একটা চোখে পড়েনি। এসব দলের প্রার্থীদের পক্ষে প্রচার মাইকিংয়ে সীমাবদ্ধ রয়েছে। তবে সব দলের প্রার্থীদের পোস্টারে ভরে গেছে বরিশাল নগরী।

প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারের জন্য আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে কার্যালয় থাকলেও বিএনপি ও অন্য দলগুলোর তেমনটা চোখে পড়েনি।

শেষ দিনের প্রচারে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও মেয়র পদে বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান সরোয়ার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, বরিশালে আগে ঈদের খুশির মতো নির্বাচন হতো, এখন চোখের জলে নির্বাচন হচ্ছে। এমন নির্বাচন বরিশালবাসী চায়নি।

কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, “এখনও সময় আছে, নির্বাচন কমিশন চাইলে বিএনপি নেতাকর্মীদের ওপর চলা জুলুম-নির্যাতন বন্ধ করতে পারে।”

হাই কোর্টের নির্দেশ অমান্য করে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাছ চৌধুরী দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই নির্বাচন ঘিরে নগরীতে উৎসব বিরাজ করছে। আমাদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নৌকার পক্ষে ভোটের প্রচারে নেমেছেন। পুরো নগরীতে নৌকার জোয়ার বইছে।”

তিনি বলেন, “সকাল থেকে আমাদের প্রার্থীকে নিয়ে বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পথসভা ও উঠান বৈঠক করেছি। নির্বাচন কমিশন থেকে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রচার শেষ হবে।”

শেষদিনের প্রচারের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, “আজকে আমরা কয়েকটি পথসভা করেছি, নিয়মতান্ত্রিক অন্যান্য প্রচারও চালিয়েছি। দুপুরে সংবাদ সম্মেলন করে আমাদের প্রার্থী কথা বলেছেন।”