চিকিৎসকদের হরতাল ডাকা অন্যায়: আদালত
‘ভুল চিকিৎসা’ নিয়ে একটি রিট আবেদনের শুনানিতে চট্টগ্রামে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বন্ধ রাখার প্রসঙ্গ ধরে হাই কোর্ট বলেছে, চিকিৎসকদের হরতাল ডাকা ‘অন্যায়’।
গত মার্চে চুয়াডাঙ্গায় ‘ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার’র চক্ষু শিবিরে অস্ত্রোপচারে ‘চোখ হারানো’র ঘটনায় করা রিট আবেদনের উপর রুলের শুনানিতে সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চের এই মন্তব্য আসে।
আদালত বলেছে, “ডাক্তার দেবতা নন। ভুল হবে সেটা স্বাভাবিক। ভুলটা অন্যায় নয়। কিন্তু ভুলটা জাস্টিফায়েড করার জন্য হরতাল ডাকা হলে সেটা অন্যায়।”
চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে এক শিশুর মৃত্যু অবহেলার কারণে হওয়ার বিষয়টি তদন্তে উঠে আসার পর সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এরমধ্যে রোববার বন্দর নগরীর ওই হাসপাতালে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পেলে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ১০ লাখ টাকা জরিমানা করে। এরপর চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ধর্মঘট ডাকা হলে রোগীদের দুর্ভোগ চরমে ওঠে। ২০ ঘণ্টা পর সোমবার সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর বন্ধ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল (রোববারের ছবি)
চট্টগ্রামের হাসপাতাল মালিকদের ধর্মঘটের প্রসঙ্গ টেনে আদালত আরও বলে, “মানুষ মাত্রই ভুল হয়। আমাদেরও ভুল হয়। আমাদের ভুল সংশোধনের জন্য সর্বোচ্চ আদালত আছে। কিন্তু ডাক্তাররা ভুল করলে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে, তার প্রতিবাদ হিসেবে হরতাল ডাকা অনৈতিক।
“মানুষ বিপদে পড়লে তিন পেশার মানুষের কাছে যায়। পুলিশ, আইনজীবী ও ডাক্তারের শরণাপন্ন হয়। কিছু দুর্বৃত্তের কারণে যদি এই তিন পেশার পেশাদারিত্ব ধ্বংস হয়, তাহলে মানুষ বিপদে পড়বে।”
গত মার্চে চুয়াডাঙ্গায় ‘ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার’র চক্ষু শিবিরের অস্ত্রোপচারে ২০ জনের ‘চোখ হারানো’র ঘটনায় গত ১ এপ্রিল রুল জারি করেছিল আদালত।
চোখ হারানো ২০ জনের প্রত্যেককে এক কোটি করে মোট ২০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
এছাড়া ২০ জনের চোখে অস্ত্রোপচারে কার্যকর, উপযুক্ত ও পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং যথাযথ নিরাপদ ব্যবস্থা গ্রহণ না করে চোখে দায়সারাভাবে অস্ত্রোপচার করায় হাসপাতাল কর্তৃপক্ষ ও অস্ত্রোপচারকারী চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।
সুপ্রিম কোর্টের আইজীবী অমিত দাসগুপ্তের রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চে এই রুল জারি করেছিল।
দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চুয়াডাঙ্গার সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেল্থ সেন্টার, ডা. মোহাম্মদ শাহীনসহ ১০ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে রুলের জবাব না দিলে রিট আবেদনকারী পক্ষ গত ৩ জুলাই বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করলে আদালত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে তলব করে।
সেই তলবেই সোমবার আদালতে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ এবং সিভিল সার্জন মো. খায়রুল আলম।
আদালতে মহাপরিচালকের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন। সিভিল সার্জনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার) ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। আর ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের পক্ষে ছিলেন আইনজীবী এম আমিরুল ইসলাম।
ফাইল ছবি
শুনানিতে আইনজীবীর মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সিভিল সার্জন রুলের জবাব দিতে এক সপ্তাহের সময় চায়।
তখন আদালত বলে, “আপনারা লিখিত প্রতিবেদন দাখিলের জন্য সময় পাবেন। কিন্তু যেহেতু আপনাদের ডাকা হয়েছে, আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই।”
এরপর আদালত সিভিল সার্জনের কাছে জানতে চাইলে তিনি বলেন, চক্ষু শিবির করার আগে তার অনুমতি নেওয়া হয়নি। তবে আগে অনুমতি নেওয়ার বিধান আছে কি না, তাও তিনি জানেন না।
‘জব ডেসক্রিপশনে’ এমন বিধান আছে কি না- এ প্রশ্নে সিভিল সার্জন বলেন, “আমার জব ডেসক্রিপশনে নেই। তবে চুয়াডাঙ্গার এ ঘটনার পরে আমরা একটা নির্দেশনা দিয়েছি, এ ধরনের চক্ষুশিবির করতে হলে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।”
তিনি জানান, একটি স্থানীয় পত্রিকায় ঘটনাটি প্রকাশ হওয়ার পর ২৮ মার্চ তিনি গিয়ে ওই চক্ষু শিবির ও হাসপাতাল বন্ধ করে দেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানোর পর দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত প্রতিবেদন উদ্ধৃত করে সিভিল সার্জন বলেন, তিন দিনের চক্ষু শিবিরের মধ্যে ৫ মার্চ দ্বিতীয় দিনের ঘটনায় ২০ জনের চোখ নষ্ট হয়ে যায়।
এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের বক্তব্য শোনার সময় চট্টগ্রামের প্রসঙ্গটি আসে।
বেসরকারি হাসপাতালগুলোর ধর্মঘটের খবর মহাপরিচালককে দেখিয়ে আদালত বলে, “চট্টগ্রামে যা হয়েছে, সেটি দুঃখজনক। আজকের মামলার সঙ্গে এটি সম্পর্কিত নয়। কিন্তু যেহেতু আপনি আছেন, তাই বলছি।”
আদালত বলে, “কতিপয় দুর্বৃত্তের কারণে চিকিৎসা সেবার সুনাম নষ্ট হচ্ছে। দেশে অনেক স্বনামধন্য চিকিৎসক এবং ভালো মানের চিকিৎসা সেবার সুযোগ থাকা সত্ত্বেও ভুল চিকিৎসার ভয়ে রোগীরা পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে।
সেবা না পেয়ে ম্যাক্স হাসপাতাল ছাড়ছেন রোগীরা (রোববারের ছবি)
“এতে দেশীয় মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি কমিয়ে আনার জন্য আপনাকে (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ) বলা হল।”
এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “আমরা মহামান্য আদালতের সঙ্গে একমত। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। চট্টগ্রামে ইতোমধ্যে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”
২০ জনের চোখ নষ্ট হওয়ার বিষয়ে তিনি বলেন, “ওইখানে যে অপারেশন থিয়েটার ছিল, সেটি সঠিক ছিল। যিনি অস্ত্রোপচারকারী চিকিৎসক ছিলেন, তিনি ৭০ হাজার চোখ অস্ত্রোপচার করেছেন। সুতরাং অস্ত্রোপচারে তার দক্ষতা রয়েছে। ওষুধে কোনো ত্রুটি ছিল কি না, এটা জানার জন্য তদন্ত কমিটি ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন। কিন্তু সেই ওষুধের কোনো ত্রুটি সরকারের তদন্ত কমিটি পায়নি।
“কিন্তু আইসিডিডিআর,বি ওষুধের কালচার করে তাতে ব্যাকটেরিয়ার উপস্থিতি পেয়েছে, যেটি চোখের জন্য ক্ষতিকারক হতে পারে।”
দুটি প্রতিবেদন দুই রকম কেন- আদালত জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, “আইসিডিডিআর,বি যেটা করেছে, সেটি দ্রুত সময়ের মধ্যে করেছে। সুতরাং তখন ব্যাকটেরিয়ার উপস্থিতি তারা পেতে পারেন।
“আর মন্ত্রণালয়ের যে তদন্ত হয়েছে, সেটি পরে হয়েছে। ততদিনে ব্যকটেরিয়া মরে যেতে পারে স্বাভাবিক নিয়মে স্বাভাবিক প্রক্রিয়ায়।”
শুনানির পর রিট আবেদনকারী আইনজীবী অমিত দাসগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনার প্রকৃত কারণ কী? দোষী কে? সেটি নির্ধারণ করে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
“আদালত পুরো বিষয়টি দেখে নির্ধারণ করবে প্রকৃত ঘটনা কী ছিল? দোষী কারা? এবং তার প্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন. তাদের জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করবেন।”
আদালতকে উদ্ধৃত করে এ আইনজীবী বলেন, “ক্ষতিপূরণের বিষয়ে আদালত বলেছে, যাদের চোখ গেছে তাদের চোখ ফিরিয়ে আনা সম্ভব না। এই ক্ষতি আর্থিক মানদণ্ডে নির্ধারণ করা সম্ভব না। তা সত্ত্বেও যাতে তারা ক্ষতিপূরণ পেতে পারেন, সে বিষয়েও যথাযথ আদশে থাকবে।”
