চট্টগ্রামে ম্যাক্সে অভিযানের পর হাসপাতালে সেবা বন্ধ, ভোগান্তি
ম্যাক্স হাসপাতালে র্যাবের অভিযানে জরিমানার প্রতিবাদে সেবা বন্ধ করে দিয়েছে চট্টগ্রামের বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ; এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে রোগীরা।
রোববার দুপুরে হাসপাতাল মালিকদের সংগঠন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির ওই ঘোষণার পর রোগী নিয়ে প্যাথলজি পরীক্ষার জন্য গিয়ে অনেককেই ফিরে আসতে হয়েছে। ভর্তি রোগীরা হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন চিকিৎসা না পাওয়ার কারণে।
এর আগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত বন্দর নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়ম পেয়ে ১০ লাখ টাকা জরিমানা করে।
ম্যাক্স হাসপাতালে শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার পর তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি। এর ভিত্তিতে শনিবার দুই চিকিৎসককে চাকরিচ্যুত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরপর রোববার ওই হাসপাতালে অভিযান চালিয়ে বায়োকেমিস্ট্রি ল্যাবে বিভিন্ন অনিয়মের প্রমাণ পান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ওই অভিযানের মধ্যেই নগরীর জিইসি মোড়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কার্যালয়ে চিকিৎসা প্রতিষ্ঠান মালিকরা জরুরি বৈঠকে বসেন।
পরে সংগঠনের সাধারণ সম্পাদক, ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ রাখার ঘোষণা দেন।
তবে তিনি বলেন, “হাসপাতালগুলোতে ভর্তি থাকা রোগীরা এই ঘোষণার আওতায় পড়বেন না; তাদের চিকিৎসা চলবে।”
নানা অনিয়মের ‘প্রমাণ’ পেয়ে ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: সুমন বাবু
কিন্তু তার ওই ঘোষণার ঘণ্টাখানেক পর ম্যাক্স হাসপাতালের এক রোগীকেই চিকিৎসা না পেয়ে বেরিয়ে যেতে দেখা যায়।
অনু তালুকদার নামের ওই নারী পেটে ব্যথা ও বমির লক্ষণ নিয়ে গত ৪ জুলাই থেকে এ হাসপাতালে ভর্তি ছিলেন।
তার সঙ্গে থাকা আত্মীয় কমল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতাল থেকে আমাদের বলেছে, ‘ডাক্তার নেই’। তারা চলে যাওয়ার পরামর্শ দেওয়ায় আমরা এখন আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে যাচ্ছি।”
রোববার দুপুরে সেবা বন্ধের ওই ঘোষণা আসার পর বন্দরনগরীর প্রবর্তক মোড়ের সিএসসিআর ক্লিনিকে গিয়ে মূল ফটক বন্ধ দেখা যায়। এই হাসপাতালে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ওআর নিজাম রোডের চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে গেলে জানানো হয়, তাদের সেবা বন্ধ, রোগী ভর্তি নেওয়া হচ্ছে না।
আর রয়্যাল হাসপাতালে গিয়ে দেখা যায় শাটার অর্ধেক ফেলা, ভেতরে লোক নেই। একই চিত্র ছিল শেভরন হাসাতালেও।
সেবা না পেয়ে ম্যাক্স হাসপাতাল ছাড়ছেন রোগীরা। ছবি: সুমন বাবু
বেলা ৩টার দিকে কয়েকটি পরীক্ষার জন্য ম্যাক্স হাসপাতালে গিয়ে বিফল হয়ে বেরিয়ে আসতে দেখা যায় গুলশান আরা নামের এক নারীকে।
তিনি জানান, তার ১০ বছর বয়সী ছেলের সকাল থেকে পেটে ব্যথা। ডাক্তার কয়েকটি পরীক্ষা দিয়েছেন। কিন্তু সেই পরীক্ষাই তিনি করাতে পারছেন না।
“বেসিক ল্যাব আর পপুলার ডায়াগনস্টিকে গিয়ে পরীক্ষা করাতে না পেরে ম্যাক্সে এসেছিলাম। কিন্তু এখানেও পরীক্ষা করেনি। বলেছে ডাক্তার নেই, পরীক্ষা হবে না।”
সিএসসিআরে বিকেলে চিকিৎসা নিতে যান মো. সাকিব। তিনি নগরীর মুরাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। কিন্তু ওই হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান।
সিএসসিআরে রোগীদের দুর্ভোগ: ছবি সুমন বাবু
স্ত্রীকে নিয়ে রোগ নিরূপনের পরীক্ষা করতে আসা কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই নম্বর গেট থেকে আসলাম। এখানে বলছে পরীক্ষা হবে। উপরের নির্দেশ নেই।”
মেট্রোপলিটন হাসপাতালে নিজের বাবার চিকিৎসার জন্য আসা সাইফুল করিম বলেন, “যারা ঘোষণা দিয়ে চিকিৎসা সেবা বন্ধ করতে পারেন, সরকারের উচিৎ তাদের বাসা-বাড়িতে গ্যাস-পানির সরবরাহ বন্ধ করে দেওয়া।”
চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের মালিকদের এই পদেক্ষপের প্রতিক্রিয়ায় চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণহারে সবখানে বেসরকারি সেবা সংস্থা করার লাইসেন্স দেওয়ায় আইন শূন্যতার সৃষ্টি হয়েছে। তাই তারা নিজেদের ক্ষমতাধর ভাবছে। মনে করছে কোনো শাস্তি হবে না। সরকারি তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত।”
সিকান্দর খান বলেন, “কেউ যদি সাংবাদিক বা সরকারের উপর রাগ করে সাধারণ মানুষের ওপর শোধ নেয়, সেটা তো আইনসম্মত নয়। যারা সাধারণ মানুষকে জিম্মি করে কর্মসূচি দেয়, সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
চিকিৎসা সেবা বন্ধের বিষয়ে জানতে বেসরকারি হাসপাতাল ও ল্যাব ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী খান এবং বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম বিএমএ হাসপাতাল মালিকদের কর্মসূচিতে সমর্থন দিলেও চিকিৎসকদের সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোম্তফা জালাল মহিউদ্দিন ঢাকায় এক টেলিভিশনকে বলেছেন, এই কর্মসূচির সঙ্গে তাদের কিংবা চিকিৎসকদের কোনো সম্পৃক্ততা নেই।
অভিযানের পর বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে র্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, “সবাই আইন মানতে বাধ্য। আমি মনে করি আমাদের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট। এ ধরনের অনিয়মকারী দুয়েকটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া দেশ ও জাতির জন্য মঙ্গলজনক।”
সেবা বন্ধ সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রামের মানুষকে সেবা দেওয়ার মতো যথেষ্ট সুযোগ-সুবিধা তাদের রয়েছে। বেসরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধের কোনো প্রভাব স্বাস্থ্য সেবায় পড়বে না।
বৃহত্তর চট্টগ্রামে সবচেয়ে বড় সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। এছাড়া নগরীতে দেড়শ শয্যার জেনারেল হাসপাতাল ও রেলওয়ে হাসপাতাল রয়েছে।
চমেক হাসপাতালের অনুমোদিত বেড সংখ্যা ১৩১৩টি। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজার রোগীর চিকিৎসা দেওয়া হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন বহির্বিভাগে সাড়ে তিন হাজার রোগীর চিকিৎসা আমরা দিই। এছাড়া প্রতিদিন গড়ে ২৮০০ রোগী ভর্তি থাকে।
“গড়ে সাড়ে ছয় হাজার রোগীকে আমরা দৈনিক সেবা দিচ্ছি। চট্টগ্রামের মানুষকে সেবা দেওয়ার সক্ষমতা আমাদের আছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. দেওয়ান মো. মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামে ১৩৭টি অনুমোদিত ক্লিনিক আছে।
তবে এসব ক্লিনিকে কত লোক দৈনিক চিকিৎসা নেন, সে বিষয়ে কোনো তথ্য তিনি দিতে পারেননি।
