২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিএসসিআর হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মোড় সংলগ্ন বেসরকারি সিএসসিআর হাসপাতালে নানা অনিয়ম দেখে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 07:19 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

রোববার বিকালে র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার পাশাপাশি ত্রুটি সংশোধনের জন্য সিএসসিআরকে এক মাস সময় বেঁধে দেওয়া হয়।

তার আগে সকালে আলোচিত ম্যাক্স হাসপাতালে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, যার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতালগুলো সেবা বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে অংশ নেওয়া স্বাস্থ্য অধিপ্তরের কর্মকর্তা ডা. দেওয়ান মো. মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিএসসিআর-এ অপারেশন থিয়েটারে ২০১২ ও ২০১৪ সালের সার্জিকাল সুতা পাওয়া গেছে, যেগুলো মেয়াদোত্তীর্ণ।

“এছাড়া কিছু অনুমোদনহীন ওষুধ পাওয়া গেছে। পাশাপাশি যথাযথ তাপমাত্রায় ওষুধ না রাখার প্রমাণও মিলেছে।”

মেহেদী হাসান বলেন, “তাদের নিচতলার ফার্মেসির সনদ আছে। কিন্তু আটতলায় যেখানে ওষুধ স্টোরেজ করা হয়েছে, তার কোনো অনুমোদন নেই। আইনগতভাবে সেটা থাকার কথা।”

এর আগে ২০১৬ সালেও বেসরকারি এই হাসপাতালে একবার অভিযান চালানো হয়েছিল জানিয়ে তিনি বলেন, “তাই তাদের ত্রুটি সংশোধনে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে।”

সকালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগের মুখে থাকা বেসরকারি ম্যাক্স হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে একযোগে অভিযান শুরু করে ভ্রাম্যমান আদালত।