২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে চিকিৎসকদের প্রতি আহ্বান

দোষী ও স্বার্থান্বেষী চিকিৎসকদের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে চট্টগ্রামের এক সমাবেশ থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 11:35 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

রোববার সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে ‘বিক্ষুব্ধ তরুণ সমাজ’ আয়োজিত কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।

বেসরকারি ম্যাক্স হাসপাতালে অবহেলায় মারা যাওয়া শিশু রাফিদা খান রাইফা স্মরণে এই মোমবাতি প্রজ্বলন ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, “আমাদের সন্তান রাইফাকে হত্যা করা হয়েছে। শুধু রাইফা নয় অনেক মানুষ অপচিকিৎসার শিকার হয়েছে।

“আজ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে বেআইনি কার্যক্রম তদারকি করতে। সেই অভিযানের মুখে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা বন্ধ করে দেওয়া অরাজকতা।”

“কতিপয় স্বার্থান্বেষী মানুষের জন্য আপনারা সাধারণ মানুষের বিরুদ্ধে দাঁড়াবেন না। এ আন্দোলন জনগণের। রাইফার হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব,” বলেন শরীফ।

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করা হয়েছে এই মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে।

এর মধ্যে রোববার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ম্যাক্স হাসপাতালে নানা অনিয়ম পেয়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এর প্রতিবাদে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সেবা বন্ধ করে দিয়েছে।

সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “অভিযানের জন্য সরকারকে ধন্যবাদ। প্রশাসন স্বাস্থ্য খাতের বাণিজ্য ও অসাধু মহলের প্রতি দৃঢ় মনোভাব দেখিয়েছে।

“আমরা জানি এসব অমানবিক কর্মসূচির খুঁটির জোর কোথায়। জনগণের মতামতকে শ্রদ্ধা করুন। চট্টগ্রামের মানুষ কোনো আন্দোলনে ব্যর্থ হয়নি। এবারও হবে না।”

রাইফার মৃত্যুর পর সাংবাদিকদে বিক্ষোভের মুখে এক চিকিৎসক ও নার্সকে পুলিশ ধরে থানায় নিয়েছিল। পরে তাদের ছাড়িয়ে আনেন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

রিয়াজ চৌধুরী বলেন, “যে চিকিৎসক নেতা থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়েছেন, তার বিষয়ে ব্যবস্থা নিতে চট্টগ্রামের পুলিশ কমিশনারের প্রতি আহ্বান জানাই।”

সমাবেশে সাংস্কৃতিক সংগঠক রাশেদ হাসান বলেন, “কোনো অন্যায়কে প্রশ্রয় দিলে সে অন্যায় আপনার সাথেই ঘটবে। কিছু সুবিধাবাদী রাজনীতিবিদও এ থেকে ফায়দা নিতে চাইছে।”

চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, “আজ যে মোমের আলো জ্বেলেছি আশা করি সে আলো কতিপয় ব্যবসায়ী চিকিৎসকদের মনের আঁধার দূর করবে। এ আলোতে আপনার দেখতে পাবেন সত্য কী, মানবিকতা কোনটা।”

বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তাহের মোহাম্মদ, সাংস্কৃতিক সংগঠক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক কুতুব উদ্দিন, সাংবাদিক প্রীতম দাশ সমাবেশে বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন কলাম লেখক কামরুল হাসান বাদল, নাট্য সংগঠক মোস্তফা কামাল যাত্রা, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, সাংবাদিক আশরাফ রুবেলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

‘শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র’

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে সরকারি উদ্যোগকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রামের সাংবাদিক ইউনিয়ন নেতারা।

রোববার রাতে এক যুক্ত বিবৃতিতে এই দাবি করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ ও নওশের আলী খান।

বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির  সুপারিশের পরিপ্রেক্ষিতে রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম  অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএমডিসিকে নির্দেশ দেন।

“সরকার  যখন স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আনার কাজ শুরু করেছে, তখন সরকারের এই উদ্যোগকে বাধাগ্রস্ত করতে একটি চক্র  ষড়যন্ত্রে মেতে উঠেছে।”

“ধর্মঘট ডেকে হঠাৎ করে চট্টগ্রামের সকল বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের বের করে দিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া অমানবিক এবং মৌলিক অধিকারের পরিপন্থি এবং ওই ষড়যন্ত্রের অংশ,” বলা হয় বিবৃতিতে।

এদিকে চট্টগ্রামের সাংবাদিক সমাজকে জড়িয়ে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে সোমবার সকাল ১১টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির অভিযোগের নিন্দা জানিয়ে এ ধরনের ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

পুরনো খবর:

অপপ্রচার বন্ধ না করলে সাংবাদিকদের চিকিৎসা নয়: বিএমএ নেতা
চট্টগ্রামের ৩ চিকিৎসকের শাস্তি দাবি সাংবাদিক ইউনিয়ন নেতাদের