২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ৩ চিকিৎসকের শাস্তি দাবি সাংবাদিক ইউনিয়ন নেতাদের

চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে সাংবাদিকের শিশুকন্যা রাফিদা খান রাইফার মৃত্যুতে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় ঢাকায় এক কর্মসূচি থেকে তিন চিকিৎসকের শাস্তি দাবি করেছেন সাংবাদিক ইউনিয়ন নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 07:04 PM

Updated : 08 Apr 2022, 06:38 PM

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে ম্যাক্স হাসপাতাল বন্ধ এবং ‘ভুল চিকিৎসায়’ রাইফার মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকদেরও শাস্তির দাবি জানানো হয়।

দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো চিফ রুবেল খানের আড়াই বছরের মেয়ের মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে বিএফইউজে ও ডিইউজে এই কর্মসূচি ডেকেছিল।

গলা ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া রাইফা শুক্রবার রাতে মারা যায়। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে তার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ ওঠে।

সাংবাদিকেদের বিক্ষোভের মুখে ওই রাতে পুলিশ ওই হাসপাতালটিরে এক চিকিৎসক ও নার্সকে থানায় নিয়ে গেলেও পরে তাদের ছাড়িয়ে নেন বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

তখন ফয়সাল সাংবাদিক ইউনিয়ন নেতাদের সঙ্গে অশোভন আচরণ করেছিলেন বলে চট্টগ্রামের সাংবাদিকদের অভিযোগ।

অন্যদিকে চিকিৎসককে হয়রানি এবং অপপ্রচারের প্রতিবাদে এক কর্মসূচি থেকে চিকিৎসকদের চেম্বার ও বেসরকারি ক্লিনিকে সাংবাদিকদের চিকিৎসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন ডা. ফয়সাল।

ঢাকায় সমাবেশে ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য চিকিৎসকদের হুমকির নিন্দা জানিয়ে বলেন, “ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের পক্ষ নিয়ে ডা. ফয়সাল ইকবাল, ডা. দেবাশীষ ও ডা. বিধান সাংবাদিকদের সন্তানদের চিকিৎসা করাবে না বলে যে ঘোষণা দিয়েছে, তার তীব্র নিন্দা জানাই।

“সরকার ও প্রশাসনের নিকট অনতিবিলম্বে অনুরোধ জানাচ্ছি, যেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।”

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সোহেল হায়দার চৌধুরীও বক্তব্য রাখেন।

পুরনো খবর:

অপপ্রচার বন্ধ না করলে সাংবাদিকদের চিকিৎসা নয়: বিএমএ নেতা