২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যাথলজি পরীক্ষায় ‘প্রতারণার প্রমাণ’ ম্যাক্স হাসপাতালের ল্যাবে

চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগের মুখে থাকা চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল অন্য ডায়গনস্টিক সেন্টারে নমুনা পাঠিয়ে পরীক্ষা করিয়ে এনে নিজেদের নামে রিপোর্ট দিত বলে প্রমাণ পেয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 08:47 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

কেবল তাই নয়, বন্দরনগরীর মেহেদীবাগ এলাকার ওই হাসপাতালের বায়োকেমিস্ট্রি ল্যাব চলছিল কোনো ধরনের বায়োকেমিস্ট বা মাইক্রোবায়োলজিস্ট ছাড়াই। হাসপাতালের ফার্মেসির ব্যবসা করার অনুমোদন নেই দুই বছর ধরে। অপারেশন থিয়েটারে মিলেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল উপকরণ।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে ডা. দেওয়ান মাহমুদ মেহেদি হাসানের উপস্থিতে রোববার ম্যাক্স হাসপাতালে এই অভিযান চলে।

অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

বেলা সাড়ে ১১টায় অভিযান শুরুর পর হাসপাতালের চতুর্থ তলায় বায়োকেমিস্ট্রি ল্যাবে যায় র‌্যাবের অভিযান দল। সেখানে বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারের প্রচুর রিপোর্ট পায় ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট এ বিষয়ে জানতে চাইলে ম্যাক্সের ব্যাবস্থাপক রঞ্জন দাশগুপ্ত বলেন, কমিশনের বিনিময়ে অন্য ল্যাব থেকে এসব পরীক্ষা করিয়ে রিপোর্ট আনা হয়েছে।

এ সময় সেখান থেকে এপিক হেলথ কেয়ার, ল্যাবএইড, পপুলার ডায়গনস্টিক সেন্টার, ডা. লাল প্যাথ ল্যাব, প্যাথ কেয়ার ল্যাব ও সিগমা ল্যাব লিমিটেডের কয়েকশ রিপোর্ট জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

যেসব ডায়গনস্টিক সেন্টার থেকে নমুনা পরীক্ষা করিয়ে আনা হয় সেসব সেন্টারের সরকারি অনুমোদন ও সনদ আছে কি না- তা জানতে চান ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। উত্তরে ম্যাক্স ব্যবস্থাপক রঞ্জন বলেন, সেটা ওভাবে কখনো দেখা হয়নি।

সারোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে তো একটা হাসপাতাল চলতে পারে না। একটি হাসপাতালের অবশ্যই নিজস্ব রোগ নিরূপন ব্যবস্থা থাকতে হবে।

“ম্যাক্সে শুধু স্যাম্পল (নমুন) সংগ্রহ করা হয়। সেটা নিয়ে গিয়ে অন্য কোথাও পরীক্ষা করিয়ে আনা হয়। অন্য জায়গার রির্পোট শুধু ম্যাক্সের নামে ছাপিয়ে বিলি করা হচ্ছে। এটা তো প্রতারণা। রোগীরা এখানে পরীক্ষা হচ্ছে জেনেই টেস্টগুলো করান।”

সরকারি অনুমোদন ছাড়াই ম্যাক্স হাসপাতাল বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য নমুনা নিয়ে ঢাকায়, এমনকি বিদেশে পাঠিয়ে পরীক্ষা করিয়ে আসছে বলেও অভিযানে ধরা পড়ে, যা সম্পূর্ণ বেআইনি বলে জানান সারোয়ার আলম।

Image
চিকিৎসার ‘অবহেলায়’ শিশু মৃত্যুর ঘটনায় আলোচিত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে রোববার অভিযান চালায় র্যাববের ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়মের ‘প্রমাণ’ পেয়ে হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: সুমন বাবু

চিকিৎসার ‘অবহেলায়’ শিশু মৃত্যুর ঘটনায় আলোচিত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে রোববার অভিযান চালায় র্যাববের ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়মের ‘প্রমাণ’ পেয়ে হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: সুমন বাবু

অভিযানে থাকা বাংলাদেশ ওষুধ প্রশাসনের চট্টগ্রাম কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক গুলশান জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হাসপাতালের ফার্মেসির ড্রাগ লাইসেন্সের মেয়াদ ২০১৬ সালের ১৬ ডিসেম্বর শেষ হয়ে গেছে।

“এরপর আর তা নবায়ন করা হয়নি। কাজেই ওষুধ বিক্রি করার কোনো বৈধ লাইসেন্স তাদের নেই। পাশাপাশি যে ফার্মাসিস্টের নামে লাইসেন্স নেওয়া হয়েছিল তিনিও আর এখানে নেই।”

ওই ফার্মেসিতে কিছু বিদেশি ওষুধ পাওয়া গেছে যেগুলো সরকারি অনুমোদন ছাড়াই ট্যাক্স ফাঁকি দিয়ে আমদানি করা বলে গুলশান জাহান জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. মেহেদী হাসান বলেন, ম্যাক্স হাসপাতালের অপারেশন থিয়েটারেও কিছু অনুমোদনহীন ওষুধ, মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল উপকরণ এবং ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে।

অভিযান শেষে সংবাদ সম্মেলনে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, জরিমানার পাশাপাশি ম্যাক্স কর্তৃপক্ষকে সংশোধনের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

Image
চিকিৎসার ‘অবহেলায়’ শিশু মৃত্যুর ঘটনায় আলোচিত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে রোববার অভিযান চালায় র্যাববের ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়মের ‘প্রমাণ’ পেয়ে হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: সুমন বাবু

চিকিৎসার ‘অবহেলায়’ শিশু মৃত্যুর ঘটনায় আলোচিত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে রোববার অভিযান চালায় র্যাববের ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়মের ‘প্রমাণ’ পেয়ে হাসপাতালটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: সুমন বাবু

তিনি বলেন, “পৃথিবীর অন্য কোনো দেশে হলে হয়ত ম্যাক্স বন্ধ হয়ে যেত। কিন্তু বন্ধ করাই তো সমাধান নয়। এখানে অনেক কর্মসংস্থান আছে, অনেক বিনিয়োগ আছে। তাদের সংশোধনের জন্য এই সুযোগটা দেওয়া হল। সংশোধন না হলে অবশ্যই ম্যাক্স বন্ধ করে দেওয়া হবে।”

ম্যাক্সে অভিযান সাম্প্রতিক কোনো ঘটনার কারণে নয় মন্তব্য করে সারোয়ার আলম বলেন, “এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। আমরা কাউকে বাধা দিতে বা কারও ব্যবসার ক্ষতি করতে অভিযান করি না। কিছু অসাধু মানুষের জন্য দেশের বিপুল জনগোষ্ঠী দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যাচ্ছেন।”

অনিয়মের অভিযোগ বা জরিমানার বিষয়ে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর চট্টগ্রামের বেসরকারি সব হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখা তাতে সংহতি জানিয়েছে।