২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ ঘণ্টা রোগী ভুগিয়ে ধর্মঘট স্থগিত হাসপাতাল মালিকদের

চট্টগ্রামের রোগী ও তাদের স্বজনদের ২০ ঘণ্টার বেশি সময় ভুগিয়ে প্রশাসনের ‘আশ্বাসে’ ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছেন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্রের মালিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 12:56 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার এই ঘোষণা দেন।

তিনি বলেন, “প্রশাসন ও বিএমএ নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আলাচনা হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের ধর্মঘটের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এখন আমরা হাসপাতাল খুলে দিয়ে স্বাস্থ্যসেবা শুরু করব।”

চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগে আলোচনায় থাকা ম্যাক্স হাসপাতালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে লিয়াকতই রোববার ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন।

তার ওই ঘোষণার পর বেলা ৪টার পর থেকে বন্দরনগরীর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সব ধরনের সেবা বন্ধ রাখলে রোগী ও স্বজনরা বিপাকে পড়েন। রোগীদের জিম্মি করে হাসপাতাল মালিকদের এই ধর্মঘট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৯ জুন রাতে তার মৃত্যু হয়।

‘ভুল চিকিৎসায়’ তার মৃত্যু হয়েছে অভিযোগ করে সাংবাদিকরা বিক্ষোভ করলে স্বাস্থ্য অধিদপ্তর ও চট্টগ্রামের সিভিল সার্জনের দুটি কমিটি ওই ঘটনার তদন্ত করে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানায়।

এরপর চট্টগ্রামের মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে রোববার অভিযান চালায় র‌্যাব। বিভিন্ন অনিয়মের নমুনা পাওয়ার পর ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যামণ আদালত।

ওই অভিযানের প্রতিবাদে প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশন রোববার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর চট্টগ্রামের বেসরকারি সব হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখা তাতে সংহতি জানায়।

বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বন্ধ ঘোষণার সময় লিয়াকত আলী বলেছিলেন, আগে ভর্তি হওয়া রোগীরা এই ধর্মঘটের আওতামুক্ত থাকবেন। কিন্তু বাস্তবে হাসপাতালের সব ধরনের সেবা বন্ধ রাখা হলে রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। 

রোগী নিয়ে প্যাথলজি পরীক্ষার জন্য গিয়ে অনেককেই ফিরে আসতে হয়। ভর্তি রোগীরা হাসপাতাল ছাড়তে বাধ্য হন চিকিৎসা না পাওয়ার কারণে।

মেট্রোপলিটন হাসপাতালে নিজের বাবার চিকিৎসার জন্য আসা সাইফুল করিম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা ঘোষণা দিয়ে চিকিৎসা সেবা বন্ধ করতে পারেন, সরকারের উচিৎ তাদের বাসা-বাড়িতে গ্যাস-পানির সরবরাহ বন্ধ করে দেওয়া।”

সোমবার সকালেও নগরীর সেনসিভ হাসপাতাল, আল্ট্রা এসএ, পিপলস মেডিকেল সেন্টার, শেভরন, চিটাগং বেলভিউ হাসপাতাল বন্ধ দেখা যায়। এসব হাসপাতালের ফটকে হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের নোটিস ঝুলছিল।

যেখানে বলা হয়, চিকিৎসা সেবায় ‘সাংবাদিকদের নগ্ন হামলার প্রতিবাদে’ তারা সেবা বন্ধ রেখেছেন।

চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের মালিকদের এমন পদেক্ষপের প্রতিক্রিয়ায় চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণহারে সবখানে বেসরকারি সেবা সংস্থা করার লাইসেন্স দেওয়ায় আইন শূন্যতার সৃষ্টি হয়েছে। তাই তারা নিজেদের ক্ষমতাধর ভাবছে। মনে করছে কোনো শাস্তি হবে না। সরকারি তদন্ত কমিটি যেসব সুপারিশ করেছে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

সিকান্দর খান বলেন, “কেউ যদি সাংবাদিক বা সরকারের উপর রাগ করে সাধারণ মানুষের ওপর শোধ নেয়, সেটা তো আইনসম্মত নয়। যারা সাধারণ মানুষকে জিম্মি করে কর্মসূচি দেয়, সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”

পুরনো খবর:

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ধর্মঘট দ্বিতীয় দিনে, ভোগান্তিতে রোগীরা