চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ধর্মঘট দ্বিতীয় দিনে, ভোগান্তিতে রোগীরা
চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে র্যাবের অভিযানের পর বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে ডাকা ধর্মঘট দ্বিতীয় দিনে গড়ানোয় রোগীদের ভোগান্তি বেড়েছে।
সোমবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা হন্যে হয়ে ছুটছেন সরকারি হাসপাতালগুলোতে।
সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের ভিড় সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসার অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগে আলোচনায় থাকা চট্টগ্রামের মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে রোববার অভিযান চালায় র্যাব। বিভিন্ন অনিয়মের নমুনা পাওয়ার পর ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যামণ আদালত।
বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বন্ধ ঘোষণার সময় লিয়াকত আলী বলেছিলেন, আগে ভর্তি হওয়া রোগীরা এই ধর্মঘটের আওতামুক্ত থাকবেন। কিন্তু বাস্তবে হাসপাতালের সব ধরনেই সেবাই বন্ধ রাখা হলে রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ।
সোমবার সকালেও নগরীর সেনসিভ হাসপাতাল, আল্ট্রা এসএ, পিপলস মেডিকেল সেন্টার, শেভরন, চিটাগং বেলভিউ হাসপাতাল বন্ধ দেখা যায়। এসব হাসপাতালের ফটকে হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের নোটিস ঝুলছিল।
সেবা না পেয়ে ম্যাকাস হাসপাতাল ছাড়ছেন রোগীরা। ছবি: সুমন বাবু
বোয়ালখালী উপজেলা থেকে আসা রোগী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে দুটি বেসরকারি হাসপাতালে গিয়ে দেখি বন্ধ। এখন সরকারি হাসপাতালে যাচ্ছি।”
সোমবার সকালে কথা হয় দোহাজারী উপজেলা থেকে অসুস্থ মাকে নিয়ে চট্টগ্রামে আসা শিফায়েতউল্যাহর সঙ্গে।
তিনি বলেন, “বেসরকারি হাসপাতালগুলো বন্ধ থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছি। এখানে আপাতত স্যালাইন দেওয়া হয়েছে মাকে। আমি শঙ্কিত, এত ভিড়ের মধ্যে মায়ের সঠিক চিকিৎসা হবে কি না।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বহ্নি চক্রবর্তী জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকলে দৈনিক ৬ শ থেকে সাড়ে ৬ শ রোগী জরুরি বিভাগে আসেন। কিন্তু বেসরকারি হাসপাতালে সেবা বন্ধ থাকায় রোববার রাতে মেডিকেলের জরুরি বিভাগে রোগীর সংখ্যা ১১০০ ছাড়িয়ে যায়।
দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৯ জুন রাতে তার মৃত্যু হয়।
‘ভুল চিকিৎসায়’ তার মৃত্যু হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করেন সাংবাদিকরা। পরে ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও এ ঘটনার তদন্ত করে।
সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি গত বৃহস্পতিবার রাতে তাদের প্রতিবেদন দেয়, যাতে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
ওই প্রতিবেদন আসার পর শিশু ওয়ার্ডে সেদিন দায়িত্বরত চিকিৎসক ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেবকে চাকরিচ্যুত করা হয়েছে বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান।
চট্টগ্রামের সাংবাদিক সমিতির নেতারা সোমবার সকালে প্রেস ক্লাবে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা করে রাইফার মৃত্যুর ঘটনায় দোষী চিকিৎসকদের যথোপযুক্ত শাস্তির দাবি জানান।
