৪ দিনব্যাপী বিজিবি-বিজিপি সম্মেলন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর উচ্চতর পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় পিলখানার বিজিবির সদরদপ্তরের সম্মেলন কক্ষে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর এই সম্মেলন শুরু হয়।
মিয়ানমারের পিফ অব পুলিশ জেনারেল স্টাফ পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে তার দেশের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমান।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে অবৈধ মাদকদ্রব্য, নেশাজাতীয় দ্রব্য; বিশেষ করে ইয়াবা পাচার প্রতিরোধ।
এছাড়া সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার বিজিপি ও সেনাবাহিনী কর্তৃক গুলিবর্ষণ, মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশ, সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ও ড্রোন চলাচল, শূন্য লাইন হতে মাইন, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) অপসারণ প্রসঙ্গেও আলোচনা হবে।
আলোচনার তালিকায় আরও রয়েছে- বর্ডার লিয়াজোঁ অফিস স্থাপন, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বা অসতকর্তাবশত সীমান্ত অতিক্রমের কারণে আটক বা কারাভোগের পর নাগরিকদের স্বদেশ প্রত্যাবর্তন, সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণ কাজ বাস্তবায়ন এবং সীমান্তে নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।
১২ জুলাই যৌথ আলোচনা দলিল (জয়েন্ট রেকর্ড অব ডিসকাশনস- জেআরডি) স্বাক্ষরিত হবে।
আরও খবর-
