কোটা আন্দোলন: ঢাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি
কোটা সংস্কারের আন্দোলনকারীদের উপর হামলার বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়র ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা’; অন্যদিকে এই আন্দোলনের ভিন্ন উদ্দেশ্য রয়েছে দাবি করে তার প্রতিবাদে আরেকটি মানববন্ধন করেন আরেক দল শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সন্ত্রাসবিরোধী ভাস্কর্যে ‘নিপীড়নবিরোধীদের’ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বিভিন্ন বাম ছাত্রসংগঠনের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্যে নূর আরাফাত নামে এক শিক্ষার্থী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনো মুহূর্তে যে কাউকে পেটাবে, কিন্তু কিচ্ছু হবে না। প্রক্টরকে এটা অবহিত করা হলে তিনি বলছেন, অভিযোগ দিলে ব্যবস্থা নিব। আমি যদি মার খেয়ে মরে যাই, তাহলে আমার লাশ মামলা করবে?”
জাকারিয়া হোসেন অনিমেষ নামে আরেক শিক্ষার্থী বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে ছাত্ররা নির্যাতিত হয় কিন্তু ভিসি, প্রক্টর কিছু বলেন না। আপনারা ছাত্রদের নিরাপত্তা দিন অথবা গদি ছেড়ে দিন। বিশ্ববিদ্যালয় প্রক্টর তার কর্মকান্ডে মাধ্যমে তিনি যে ব্যর্থ সেটা প্রমাণ করেছেন।"
সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর।
তিনি বলেন, “ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করল এবং প্রধানমন্ত্রীকে মাদার অব এডুকেশন উপাধি দিল। কিন্তু প্রধানমন্ত্রী ছাত্রদের আন্দোলনে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ দিয়ে হামলা করিয়েছে।
“ছাত্রদের ওপর হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন বিশ্ববিদ্যালয় ছুটি ছিল। আপনি যদি না জানেন যে একজন প্রক্টরকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়, তাহলে দায়িত্ব ছেড়ে দিন।”
মানববন্ধনের পর মিছিল নিয়ে এই শিক্ষার্থীরা প্রক্টরের কার্যালয়ে যায়।
প্রক্টর 'ছাত্র-শিক্ষক সবাই মিলে বিষয়টি সমাধানের’ আশ্বাস দেন বলে জানান নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক আবু রায়হান খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রক্টর স্যারের সাথে দেখা করেছি। তিনি ছাত্র-শিক্ষক সবাই মিলে এই পরিস্থিতির সমাধান করা হবে আমাদের আশ্বাস দিয়েছেন।”
এদিকে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন এমন কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগের বিভিন্ন হলের কর্মীদের নিয়ে 'সাধারণ শিক্ষার্থী' ব্যানারে দুপুরে ছাত্র-শিক্ষক কেন্দ্রে আরেকটি মানববন্ধন করেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় আট এপ্রিল রাতে পুলিশের লাঠিপেটায় আহত হন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তানভীর হাসান সৈকত।
মানববন্ধনে তিনি বলেন, "কোটা সংস্কার আন্দোলন আমরাও চাই। আমিও এর জন্য রক্ত দিয়েছি। কিন্তু যারা এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করছে, আন্দোলনের নামে ক্যাম্পাস অস্থিতিশীল করছে, আমরা তার পক্ষে নেই।
“তারা প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছে। কিন্তু আমরা তো সরকারের বিপক্ষে গিয়ে আন্দোলন করিনি। আমরা কোটার সংস্কার চেয়েছি। কিন্তু তারা শিক্ষার্থীদের এই আবেগকে পুঁজি করে সরকারবিরোধী আন্দোলন করে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।"
