২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা ছাত্রলীগ না, সাধারণ শিক্ষার্থী’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগের মুখে থাকা ছাত্রলীগের এক নেতা বলেছেন, তারা সংগঠনের পরিচয়ে নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভূমিকা রেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 05:57 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

ক্যাম্পাস অস্থিতিশীল করার ‘ষড়যন্ত্র’ ঠেকাতে তাদের এই ভূমিকা বলে মেহেদী হাসান সানী নামে ওই ছাত্রলীগ নেতা দাবি করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, ছাত্র সংগঠনটিকে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়নি।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ শিক্ষার্থী ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র নেতা-কর্মীদের উপর শনিবার ক্যাম্পাসে পিটুনির পর সোমবার শহীদ মিনারেও মারধর করা হয়।

শনিবার পিটুনিতে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই বলে সংগঠনটির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন দাবি করলেও সরকার সমর্থক সংগঠনটির নেতা-কর্মীদেরই হামলা চালাতে দেখা গিয়েছিল।

শনিবারের পিটুনির প্রতিবাদে মিছিল করতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলে আন্দোলনকারীদের ফের পেটানো হয়, সেখানেই ছাত্রলীগের নেতা-কর্মীদেরই সক্রিয় দেখা গেছে।

সেখানে উপস্থিত হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে এসেছি। আমরা ছাত্রলীগ না, আমরা সাধারণ শিক্ষার্থী।”

Image
কেন্দ্রীয় শহীদ মিনারে পেটানো হচ্ছে আন্দোলনকারীদের

কেন্দ্রীয় শহীদ মিনারে পেটানো হচ্ছে আন্দোলনকারীদের

তাদের এই ভূমিকার কারণ জানতে চাইলে তিনি বলেন, “তারা প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে কথা বলেছে। তারা পরিকল্পনা করেছিল আজকের কর্মসূচিতে তারা লাঠিসোঁটা, রড নিয়ে অবস্থান করবে। তারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চেয়েছে। এরা আর কেউ না, এরা জামায়াত-শিবির। তাই আমরা এখানে এসেছি।”

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বক্তৃতায় ‘কোটা বাতিলের ঘোষণা’ দিয়েছিলেন। তার ওই ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় তারা রোববার থেকে ফের কর্মসূচিতে নামে।

কোটা সংস্কারের দাবিতে কয়েক মাস আগে আন্দোলন শুরুর পর ছাত্রলীগেরও হল পর্যায়ের অনেক নেতা-কর্মীকে এতে সক্রিয় দেখা গিয়েছিল।

তাদের বিভিন্ন কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও দেখা গিয়েছিল। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে তার ছবি নিয়ে মিছিলও করেছিল তারা।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র নেতারা হামলার জন্য সরাসরি ছাত্রলীগকে দায়ী করে বলছেন, ‘জামায়াত-শিবির ট্যাগ’ লাগিয়ে তাদের উপর হামলা করা হচ্ছে।

শনিবার হামলার সময় উপস্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মেহেদী হাসান রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের দাবি মেনে নিয়েছেন। এরপরও শিক্ষার পরিবেশ নষ্ট এবং দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

“তারা নানা সময়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। শিক্ষার পরিবেশ রক্ষায় ও দেশকে স্থিতিশীল রাখতে যা কিছু করা দরকার ছাত্রলীগ তা-ই করবে।”

এর আগে আন্দোলনকারীদের অবরোধের মধ্যে থাকা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে উদ্ধারে ছাত্রলীগ নেতা-কর্মীদের তৎপরতা দেখা গিয়েছিল।  

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী

আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের নেতা-কর্মীদের চড়াও হওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী সোমবার দুপুরে সাংবাদিকদের বলেন, “কাউকে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়নি। আমাদের প্রক্টরিয়াল টিম আছে, তারা দেখবে।”

শনিবারের হামলার বিষয়টি ‘অবহিত’ হলেও সোমবার শহীদ মিনারে হামলার ঘটনাটি তখন পর্যন্ত ‘জানেন না’ বলে জানান প্রক্টর।

“শনিবার যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমি অবহিত হয়েছি। আমাদের প্রক্টরিয়াল টিম ও শিক্ষকরা যার যার অবস্থান থেকে কাজ করেছেন। তবে আজকে শহীদ মিনারে যা ঘটেছে, সে সম্পর্কে আমাদেরকে কোনো শিক্ষার্থী অবহিত করেনি।”

হামলার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে- জানতে চাইলে প্রক্টর বলেন, “যদি কেউ আমাদের এ বিষয়ে অভিযোগ দেন, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।”

অভিযোগ না জানালেও হামলার ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে গণমাধ্যমে। সেক্ষেত্রে স্বতপ্রণোদিত হয়ে বিশ্ববিদ্যালয় কোন ব্যবস্থা নেবে কি না- এই প্রশ্ন করা হয় অধ্যাপক রাব্বানীকে।

তিনি সরাসরি উত্তর এড়িয়ে দৃশ্যত দায় আন্দোলনকারীদের উপর দিয়ে বলেন, “এই ঘটনা যার ঘটাচ্ছে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার জন্য, উচ্চ শিক্ষার উপর ঝুঁকি তৈরি করছে, তাদেরকেও ভাবতে হবে।

“যখন বিশ্ববিদ্যালয়ে ছুটি চলছে, শিক্ষা কার্যক্রম বন্ধ আছে, যে বিষয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই, সেই বিষয়ের জন্য লাইব্রেরি অবরুদ্ধ করে কোনো পারমিশন না নিয়ে কার্যক্রম করে, সে বিষয়টিও আমাদের ভাবতে হবে।”

Image
আন্দোলনকারীদের পেটানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে (শনিবারের ছবি)

আন্দোলনকারীদের পেটানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে (শনিবারের ছবি)

রোববার মূকাভিনয় অভিনেতা, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মীর লোকমানকে মারধর করা হয় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে, তিনি ছাত্রলীগ নেতা সঞ্জিত চন্দ্র দাসকে দায়ী করে প্রক্টরের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

সে বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে- জানতে চাইলে প্রক্টর অধ্যাপক রাব্বানী বলেন, “নাম্বার ওয়ান মীর লোকমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না, এখনও আছে কি না, তার ছাত্রত্ব তা দেখা হচ্ছে। আর নাম্বার টু এ বিষয়ে একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে।"  

প্রক্টরিয়াল টিমের দায়িত্ব নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে তার জবাবে প্রক্টর বলেন, “আমি প্রক্টরিয়াল টিমকে নির্দেশ দিয়েছি। তারা যা দেখবে তা আমাকে জানাবে।”

গত শনিবার থেকে দফায় দফায় হামলায় আন্দোলনকারী প্রায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, “আহতরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে, তবে তাদের অবশ্যই চিকিৎসা দেওয়া হবে।”

পুরনো খবর:

ঢাবিতে কোটা সংস্কারের আন্দোলনকারীদের পিটুনি
শহীদ মিনারে ফের পিটুনির শিকার কোটার আন্দোলনকারীরা
ভিসিকে উদ্ধারে বিক্ষোভকারী শিক্ষার্থীদের পেটাল ছাত্রলীগ