কোটার বিষয়টা সহজ নয়, জটিল আছে: মন্ত্রিপরিষদ সচিব
সরকারি চাকরিতে কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ‘ঘোষণা’ বাস্তবায়নে দেরির জন্য এর ‘জটিলতাকে’ কারণ দেখালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
মন্ত্রিসভা বৈঠকের পর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে, আমাদের নিচের লেভেলে এখনও এটা টান্সমিটেড হয় নাই।
“আসলে বিষয়টা যত আপনারা (সাংবাদিক) সহজভাবে বিশ্লেষণ করলেন অত সহজ না, জটিল আছে। এটা অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে, তার আলোকে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।”
কবে নাগাদ পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হতে পারে- সেই প্রশ্নে শফিউল বলেন, “এটা আমাদের পক্ষে অনুমান করা একটু কঠিন।”
তাহলে সময়সাপেক্ষ ব্যাপার কি না- সেই জিজ্ঞাসায় তিনি বলেন, “জ্বি, মানে একটু সময় লাগবে মনে হচ্ছে।”
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল সংসদে বলেছিলেন, কোটা পদ্ধতিই থাকবে না, এটা ‘বাতিল’।
একইসঙ্গে ওই দিনই কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করার কথাও বলেছিলেন, যে কমিটি পরবর্তী সুপারিশ করবে।
কমিটি না হওয়ায় কোটা নিয়ে অনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেননি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলছেন, “(কমিটি) হবে আশা করি, খুব দ্রুতই হবে ইনশাল্লাহ।”
প্রধানমন্ত্রীর ‘ঘোষণা’ বাস্তবায়নে কমিটি করার কথা থাকলেও তা কবে হবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের কাছে রোববার জানতে চাইলে তিনিও কোনো ধারণা দিতে পারেননি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কোটা সংস্কারে কমিটি করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বার বার বলে আসছিলেন।
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে আন্দোলনকারীরা মিছিল করেছিলেন, তবে তার বাস্তবায়নে দেরি দেখে ফের নেমেছেন আন্দোলনে (ফাইল ছবি)
গত ৮ মে মোজাম্মেল হক সাংবাদিকদের বলেছিলেন, সরকারি চাকরিতে কোটা বাতিল বা সংস্কার করতে একটি কমিটি গঠনের রূপরেখা ওই দিন সকালেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে।
মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে জানিয়ে ওই দিন মোজাম্মেল বলেছিলেন, কমিটির সদস্য ৪ থেকে ৫ জন হতে পারে।
তারপর আর কোনো অগ্রগতি দেখা যায়নি। সরকারি প্রজ্ঞাপন না পেয়ে আন্দোলনরত ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ফের কর্মসূচিতে নেমেছে।
এর মধ্যে শনিবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করতে গেলে তাদের মারধর করে একদল ছাত্রলীগকর্মী। রোববার একটি মামলায় গ্রেপ্তার করা হয় আন্দোলকারীদের অন্যতম নেতা রাশেদ খানকে। সোমবার শহীদ মিনারে কর্মসূচি পালন করতে গিয়ে ফের মারধরের শিকার হন আন্দোলনকারীরা।
বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবি তুলেছিল। কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণের দাবিও জানিয়েছিল তারা।
