২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা আইনানুগ নির্বাচনের চেষ্টা করি: কমিশনার রফিক

আইনানুগ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে ফারাক রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, তারা আইনানুগ নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করেন, তা হলেই নির্বাচনকে গ্রহণযোগ্য ধরে নেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 01:32 AM

Updated : 19 Aug 2022, 02:15 PM

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে যেন গাজীপুরের ‘ঘটনার’ পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই নির্বাচন কমিশনার বলেন, “গাজীপুরে কিছু অসুবিধা হয়েছে, এর জন্য আমরা নয়টি কেন্দ্র বন্ধ করেছি। এমন ঘটনা যেন না ঘটে, আগামী তিন সিটি নির্বাচনে যেন কেন্দ্র বন্ধ করতে না হয় সে ব্যবস্থা আমরা নেব। এরপরও হলে আমরা এখানেও কেন্দ্র বন্ধ করব।”

আগামী ৩০ জুলাই রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে ভোট রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, “ভোটে ইসির সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয় নয়, এখানে আইনানুগ নির্বাচন করাটাই বিষয়। আইনানুগ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যে কিছুটা হলেও কনফ্লিক্ট রয়েছে।

“অনেকে বলেছে, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারেনি। কিন্তু আমরা বলেছি, আইনানুগ পরিবেশ বজায় রেখেছি। আমরা যেহেতু বাংলাদেশের ভোটারদের সন্তুষ্টি, প্রার্থীদের সন্তুষ্টি, গ্রহণযোগ্যতার ওপর ভিত্তি করেই আমাদের নির্বাচন করতে হয়। এজন্যে আমরা কাজ করি।

“আমরা আইনানুগ নির্বাচনের চেষ্টা করি। আইনানুগ নির্বাচন হলেই তা গ্রহণযোগ্য নির্বাচন বলে আমরা ধরে নিই।”

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের মন্তব্যের পক্ষে তথ্য-উপাত্ত দেওয়ার কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, “উনি কমেন্ট করেছেন। উনি দয়া করে যদি আমাদের তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করেন তাহলে আমরা খতিয়ে দেখব।”

বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম-জালিয়াতি এবং রাজনৈতিক নেতাকর্মী ও প্রার্থীর পোলিং এজেন্টদের গ্রেপ্তার-হয়রানির খবরে তার দেশ উদ্বিগ্ন।

রফিকুল ইসলাম বলেন,  “আমরা আইনের মধ্যে থাকতে চাই। আমরা আইনের বাইরেতো যেতে পারি না। আমাদের আইনে যা আছে সেভাবেই চলতে হবে।”

পুরনো খবর:

গাজীপুরের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
সিলেটে মেয়র পদে লড়তে চান ৯ জন
সিটি নির্বাচন: রাজশাহীতে ৫ মেয়র প্রার্থী
সিটি নির্বাচন: বরিশালে সাদিক-সরোয়ারসহ ৮ জনের মনোনয়নপত্র জমা