জুলহাজ-তনয় হত্যা: আবার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন
রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার ঘটনায় করা হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় ২৫ বার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি মামলার দুই তদন্ত র্কমর্কতা।
মঙ্গলবার নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা না পড়ায় ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার প্রতিবেদন দাখিলের জন্য ২৪ জুলাই নতুন তারিখ রেখেছেন।
এর মধ্যে হত্যা মামলার তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন একই তদন্ত সংস্থার পুলিশ পরিদর্শক নুরুল আফসার।
দেশজুড়ে ‘উগ্রপন্থিদের’ একের পর এক হত্যা-হামলার মধ্যে ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের এক বাসায় ঢুকে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করা হয়।
জুলহাজ-তনয়কে হত্যার পর খুনিরা পালানোর সময় ওই বাড়ির দারোয়ান পারভেজ মোল্লাও তাদের হামলার শিকার হন।
ওই সময় একজনের কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে রাখেন কলাবাগান এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই মমতাজ; সেখানে একটি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও মোবাইল ফোন পাওয়া যায়।
ঘটনার রাতেই জুলহাজের ভাই মিনহাজ মান্নানের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এএসআই মমতাজের ওপর হামলা এবং অস্ত্র পাওয়ার ঘটনায় অপর মামলাটি করেন কলাবাগান থানার এসআই শমীম আহমেদ।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনির খালাত ভাই জুলহাজ (৩৫) বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। হত্যাকাণ্ডের আগে সমকামীদের অধিকার প্রতিষ্ঠার সাময়িকী ‘রূপবান’ সম্পাদনার পাশাপাশি জুলহাস উন্নয়ন সংস্থা ইউএসএইডে কাজ করতেন।
জুলহাজের বন্ধু নিহত মাহবুব রাব্বী তনয় (২৬) নাট্য সংগঠন লোকনাট্য দলের কর্মী ছিলেন। শিশু সংগঠন ‘পিপলস থিয়েটার’ এ ‘শিশু নাট্য প্রশিক্ষক’ হিসেবেও কাজ করতেন তিনি।
এ মামলায় শরীফুল ইসলাম কেরামত ও রাশিদুন্নবী ভূইয়া টিপু নামের দুই আসামি গ্রেপ্তার রয়েছেন।
আরও খবর-
