ঢাকা ফেরার সঙ্গে আছে ছাড়াও
ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করলেও এখনও বাড়ির পথ ধরছেন অনেকে।
সোমবার ঈদের তৃতীয় দিন কমলাপুরে আসা ট্রেনগুলোয় ছিল মোটামুটি ভিড়। অপরদিকে কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও বেড়াতে যাওয়া মানুষের সংখ্যা ছিল বেশ।
প্রায় একই চিত্র ছিল সদরঘাটে; ঢাকা ফেরাদের প্রায় সমানতালে ঢাকা ছেড়েছেন মানুষ।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক (টিআই) হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকাল ৪টা পর্যন্ত ৩০টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে। আর এসেছে ৭০টি লঞ্চ।
“যাত্রীর চাপ নেই। তবে অন্য সময়ের চেয়ে বেশি যাত্রী ঢাকা ছাড়ছে ও আসছে। আসা-যাওয়ার হিসাবে সমান সমান হবে।”
ঈদের ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে ট্রেনে করে এদিন ঢাকা ফেরেন বাংলাদেশ ব্যাংকের ডেটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ ইউসুফ। এবারের ছুটিটা কম হয়েছে তার কাছে।
একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সোহেল রানা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে পাবনা থেকে এসেছেন। ঈদের পর এবার তেমন ভিড় হয়নি বলে জানান তিনি।
“আমি তো ভালোমতোই আসলাম। ঈদের পর যতটা ভিড় হওয়ার কথা তেমনটা হয়নি। ট্রেনে ভিড় ছিল স্বাভাবিক।”
ঈদে ছুটি পাননি, তাই ঈদের পর পরিবার নিয়ে গ্রামের বাড়ি দিনাজপুর যাচ্ছিলেন বিজিবি সমস্য আনোয়ার হোসেন। কালনী এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার দুপুরে সিলেট থেকে ঢাকায় আসেন তিনি।
“ঈদের আগে যেতে পারিনি। এজন্য আজ যাচ্ছি। সকালে সিলেট থেকে রওনা হয়েছি। এখন আবার দিনাজপুর যেতে হবে। এখন ট্রেন পাব না। বাসেই যেতে হবে।”
ঈদের আগে যেতে পারেননি এমন আরও অনেকে ঢাকা ছাড়ছেন ঈদের দুই দিন পরে।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নেত্রকোণা যাচ্ছিলেন ব্যবসায়ী মো. জামাল হোসেন। ঢাকার রামপুরার এই বাসিন্দা জানান, ঈদের আগে ট্রেনের টিকেট পাননি তিনি।
“ঈদের আগে অনেক চেষ্টা করছি ট্রেনের টিকেট কিনতে। কিন্তু পারি নাই। ঈদের পরেও টিকেট পেতে ঝামেলা হইছে। কিন্তু ম্যানেজ করতে পারছি।”
ঈদের পর ঢাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছেন সিরাজগঞ্জের আবদুল হান্নান।
তিনি বলেন, সন্তানদের ঢাকা ঘুরিয়ে দেখাবেন তিনি।
“কয়দিন বেড়াইয়া যাই। আত্মীয় বাড়ি আছে। বাচ্চাকাচ্চারা ঢাকা শহর দেখতে চায়। তাদের বিভিন্ন জায়গা ঘুরামু। আমি নিজেও দেখমু।”
ঈদের সময় বেশিরভাগই ঢাকার বাইরে যায়। আবার ঢাকায় ঈদ করতে আসেন এমন অনেককেও দেখা গেল কমলাপুর স্টেশনে।
আহমেদুল কবির ও নাজমিন বেগম দম্পতি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন ঈদ করতে। সোমবার সুবর্ণ এক্সপ্রেসে চট্টগ্রাম ফিরে যান তারা।
স্ত্রী সব সময় তার শ্বশুরবাড়িতে ঈদ করেন। এবার স্ত্রীর বাবার বাড়িতে ঈদ করতে ঢাকায় এসেছিলেন নোয়াখালীর একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুর রহমান।
তিনি বলেন, “আমার স্ত্রী তো সব সময় আমাদের বাড়িতেই ঈদ করে। এবার তার বাবার বাড়িতে ঈদ করতে এল, সঙ্গে আমিও এলাম। সমতা বিধান বলতে পারেন। তবে ঢাকায় ঈদ খারাপ কাটেনি। অনেক আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হল।”
মঙ্গলবার থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্ত্তী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঐচ্ছিক ছুটি। কিন্তু কাল থেকে অফিস খোলা। যে কারণে কাল কর্মস্থলে যোগদানের জন্য আজই অনেকে আসা শুরু করেছে। রাতের ট্রেনেও আসবেন অনেকে। এজন্য আগামীকাল থেকে আসল চাপটা বাড়বে।”
ট্রেনের মতো বাসে করেও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ঈদের তৃতীয় দিন ঢাকামুখী মানুষের চাপ কিছুটা বেড়েছে। সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঢাকা ফেরত মানুষের মোটামুটি ভিড়।
বাস থেকে নেমে যাত্রীরা ঢাকার বিভিন্ন জায়গায় যাওয়ার যানবাহনের অপেক্ষায় আছেন।
ব্রাহ্মণবাড়িয়া থেকে রয়েল পরিবহনের বাসে ঢাকায় এসেছেন আতাউল্লাহ।
তিনি বলেন, রাস্তায় যানজট ছিল না। ভালোমতোই পৌঁছেছেন তিনি।
“ঈদের আগে তো ভাড়া বেশি নিছিল। কিন্তু আজ ঠিক ভাড়াই রাখছে। গাড়িও তাড়াতাড়িই চলে এসেছে।”
