২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্কতা

জ্যৈষ্ঠের শেষে তাপপ্রবাহের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে সাগরে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2018, 07:53 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

এরমধ্যে দেশের বিস্তীর্ণ অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর (বর্ষা) বিস্তার হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে জানিয়ে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর/উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের উপর বিস্তার লাভ করেছে।

রোববারের পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ৬৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার খুলনা, সাতক্ষীরা ও যশোর অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবনতা আরও বাড়বে।

পুরনো খবর:

বর্ষার শুরুতেই তাপপ্রবাহ