২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষার শুরুতেই তাপপ্রবাহ

বর্ষার শুরুতে দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সিলসিয়াস ছাড়িয়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 09:55 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপপ্রবাহ থাকবে শুক্রবারও। আর আগামী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপও সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পাঁচ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বিস্তার লাভ করেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হচ্ছে।

আবহাওয়ার শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি বর্ষণ হতে পারে।

জুন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টির সঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ মাসে বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে স্বাভাবিক বন্যার শঙ্কা রয়েছে।

পুরনো খবর:

দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা