ইমরানের মুক্তি দাবি ছাত্র ইউনিয়নের
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটকের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
বুধবার শাহবাগ থেকে ইমরানকে র্যাব আটক করে নিয়ে যাওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় গণজাগরণ আন্দোলনে সম্পৃক্ত ছাত্র সংগঠনটি।
মাদকবিরোধী অভিযানে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের’ প্রতিবাদে শাহবাগে সমাবেশ করতে গেলে ইমরানকে আটক করা হয়। গণজাগরণের কর্মীদেরও পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় র্যাব।
ওই সময় গণজাগরণের ওই কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরাও ছিলেন।
র্যাবের হামলায় ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সভাপতি দীপক শীল গুরুতর আহত হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
ছাত্র ইউনিয়ন বলছে, হামলায় সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী, কেন্দ্রীয় সহ-সভাপতি অনিক রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজুল্লাহ, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জহর লাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মীম আরাফাত মানব, তাহামিদ শুভ্র, সাদাত মাহামুদসহ প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হন।
