শাহবাগে র্যাবের হাতে আটক ইমরান
বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ঘোষিত সমাবেশের আগে শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাব।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রিয়াজুল আলম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে বুধবার বিকাল সাড়ে ৪টায় ইমরান শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আসেন।
“তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে র্যাব সদস্যরা জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে গেছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তিনি কোথায় আছেন-আমরা সেটা জানিও না।”
ইমরানকে আটকের বিষয়টি স্বীকার করে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র্যাব-৩ সদস্যরা কিছুক্ষণ তাকে শাহবাগ এলাকা থেকে ধরেছ।”
তিনি বলেন, “সরকারি কাজে বাধা, বিনা অনুমতিতে জনসমাবেশ করাসহ বেশ কয়েকটি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সে র্যাব-৩ এর হেফাজতে আছে। তাকে কোথায় হস্তান্তর করা হবে- সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এমরানুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইমরানের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
ঘটনার সময়ের বর্ণনা দিয়ে গণজাগরণ মঞ্চের আরেক সংগঠক সঙ্গীতা ইমাম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ‘মাদক নির্মূলের নামে ক্রসফায়ারের বিরুদ্ধে’ জাদুঘরের সামনে ছাত্র ইউনিয়নের আরেকটি মানববন্ধন চলছিল।
“ওই সময় গণজাগরণ মঞ্চের কয়েকজন কর্মীর সঙ্গে পাবলিক লাইব্রেরির ভেতর দিয়ে জাদুঘরের দিকে আসছিলেন ইমরান। তখন সাদা পোশাকের সাত-আটজন এসে তাকে তুলে নিয়ে যায়।”
গণজাগরণ মঞ্চের কয়েকজন কর্মী এ সময় বাধা দিতে গিয়ে পোশাকধারী র্যাব সদস্যদের পিটুনির শিকার হন।
সঙ্গীতা ইমাম বলেন, “আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রতিবাদ করতে চেয়েছি। কিন্তু তা পারিনি। যেখানে মাদকবিরোধী অভিযানের নামে ক্রসফায়ারের মতো বিষয় নিয়ে জাতিসংঘের মতো সংস্থা কথা বলছে, সেটা আমরা রাষ্ট্রের নাগরিক হয়ে পারছি না। তা আমাদের জন্য লজ্জাজনক।”
তবে পরে এই আন্দোলন থেকে সরে যায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো, ইমরানের বিরুদ্ধে নানা অভিযোগও তোলে তারা।
অন্যদিকে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা এই আন্দোলত থেকে খুন-ধর্ষণসহ নানা ঘটনার প্রতিবাদেও সরব হন ইমরান।
এর ধারাবাহিকতায় চলমান মাদকবিরোধী অভিযানে মৃত্যুর ঘটনাগুলো নিয়ে প্রতিবাদ কর্মসূচি দেয় গণজাগরণ মঞ্চ।
মে মাসে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ১৩০ জন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এসব ঘটনাকে ‘বন্দুকযুদ্ধ’ বলা হলেও মানবাধিকারকর্মীরা বলছে, এটা বিচারবহির্ভূত হত্যা।
শাহবাগে এই কর্মসূচি করতে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মঞ্চের নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন।
ইমরান সেদিন সাংবাদিকদের বলেছিলেন, “সরকারের আচরণে মনে হচ্ছে, দেশে একনায়কতান্ত্রিক শাসন চলছে। তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়।”
