২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শেষ দিনের প্রচারে আ. লীগ-বিএনপির বাকযুদ্ধ

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারের শেষ দিনে বাগযুদ্ধে জড়িয়েছেন প্রধান দুই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

মাসুম বিল্লাহ

ও সুবীর রায়, খুলনা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2018, 11:25 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

পুরনো খবর:

খুলনার ভোটে জাতীয় নির্বাচনের আবহ
ভোটে কালো টাকার শঙ্কা আ. লীগ প্রার্থী খালেকের
এই সরকার শেষ সরকার নয়: পুলিশকে বিএনপির প্রার্থী মঞ্জু

আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ‘কালো টাকা’ ছড়ানোর শঙ্কার কথা জানিয়েছেন, আর সরকারের বিরুদ্ধে ‘ভোট ডাকাতির’ পরিকল্পনার অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

রোববার প্রচারের শেষ সময়ে এসেও দুই প্রার্থীর এমন বাকযুদ্ধে ভোটারদের মধ্যে ‘চাপা আতঙ্ক’ বিরাজ করছে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষণকারী সুশাসনের জন্য নাগরিক-সুজনের খুলনা জেলা সম্পাদক কুদরত-ই খুদা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতির মাধ্যমে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার বিষয়ে আশ্বস্ত করতে চাইছে নির্বাচন কমিশন।

নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ‘নিশ্চিত জয়ের’ আশাবাদ জানানোর পর আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘কালো টাকা ছড়িয়ে ভোট ডাকাতির’ পরিকল্পনা চলছে বলে তার মনে হচ্ছে।

ভোটের আগে আনুষ্ঠানিক প্রচারের শেষ দিন রোববার নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকায় গণসংযোগে গিয়ে তিনি বলেন, “উনি যদি নিজেকে মেয়র দাবি করে থাকেন, তাহলে তো উনার দুরভিসন্ধি আছে; উনারা ভোট ডাকাতি করবে, কিংবা কালোটাকা ছড়াইয়া তারা কিছু একটা করবে।

“না হয়, এতো শিওর হয় কীভাবে? এতো কনফার্ম সে কীভাবে হয়, আমি মেয়র হবই? নিশ্চয় তাদের উদ্দেশ্য খারাপ, এই শহরে কালোটাকা ছড়ানোর চেষ্টা তারা করতেছে। অতএব এটা প্রতিহত করা হবে।”

সরকারের ‘ভোট ডাকাতির প্রস্তুতির’ কারণে বিএনপির ‘সব আয়োজন’ বৃথা যেতে বসেছে মন্তব্য করে নিজের বাসায় সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, “আমি সব সময় বলেছি, খুলনা হচ্ছে বিএনপির শহর, খুলনা হচ্ছে ধানের শীষের শহর। ৩৫ বছরের ইতিহাসে বিএনপির কোনো প্রার্থী এখানে হারে নাই। আগামীতেও হারবে না।

“কিন্তু সরকারের মনোভাব, সরকারি বাহিনীর মনোভাব, সরকারি প্রশাসনের মনোভাব, নির্বাচন কমিশনের নির্লিপ্ততা একটি ভোট ডাকাতির নির্বাচনে আমাদের নিয়ে যাচ্ছে।”

পুলিশ বিএনপি নেতাকর্মীদের ‘গণহারে গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি’ করছে অভিযোগ করে ‘একদিন’ এসব নির্যাতন ও হয়রানির বিচার হবে বলে পুলিশকে হুঁশিয়ার করেন বিএনপির কেন্দ্রীয় এই সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার এই সিটি করপোরেশনের নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দেবে খুলনার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটার। মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে থেকে একজনকে বেছে নেবেন তারা। এছাড়া ৩১ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের দশটি পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

দলীয় প্রতীকের এ নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক।

সকাল ৯টায় ৩১ নম্বর ওয়ার্ডের দৌলতপুর পাবলা দফাদারপাড়া চানাচুর পট্টি এলাকা থেকে শেষ দিনের নির্বাচনী প্রচার শুরু করেন তালুকদার খালেক। সেখানে তিনি শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে পথসভায় বক্তব্য দেন।

এরপর দৌলতপুর বেবিস্ট্যান্ডে গণসংযোগের পর ওয়েস্ট জোন পাওযার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন খুলনারই সাবেক মেয়র তালুকদার খালেক। পরবর্তীতে খুলনার বিদ্যুৎ ভবন, কেডিএ অফিস, কৃষি ব্যাংক ও শিল্প ব্যাংক ভবনে গণসংযোগ করেন তিনি।

অপরদিকে সকালে শহরের মিয়াপাড়ায় নিজের বাসায় সংবাদ সম্মেলন শেষে খান জাহান আলী সেতু এলাকা থেকে গণসংযোগে বের হন ধানের শীষের প্রার্থী মঞ্জু।

শেষ দিনে ৩১ নম্বর ওয়ার্ডের চাঁনমারি, বান্ধাবাজার, লবণচড়া, রূপসা স্ট্যান্ড রোড এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান তিনি।

নগরীর পিকচার প্যালেস মোড় থেকে গণসংযোগ শুরু করে বিভিন্ন এলাকায় মোটর শোভাযাত্রায় মহড়া দিয়ে গণসংযোগ করেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর প্রতীক কাস্তের পক্ষে গণসংযোগ চালান দলের কর্মী-সমর্থকরা।

ইসলামী আন্দোলনের প্রার্থী মুজ্জাম্মিল হকের প্রতীক হাতপাখা নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও গণসংযোগ করেন নেতাকর্মীরা।

দুপুরে পুরাতন যশোর রোড়ে খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মেয়র প্রার্থী তালুকদার খালেকের নির্বাচনী প্রচারের প্রধান সমন্বয়কারী এস এম কামাল হোসেন।

তিনি বলেন, “বিএনপির মেয়র প্রার্থী নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে শুরু থেকে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। মঞ্জুর নির্বাচনে একজন ব্যবসায়ী কালো টাকা দিয়ে সহযোগিতা করেছে। বিভিন্ন বস্তিতে কালো টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা ও অপপ্রচার করছেন।”

নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রিটার্নিং অফিসার ইউনুচ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন কমিশনের পরিষ্কার মেসেজ- একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। আমরা আশা করছি, সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হব।”

সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “ভোটার ও প্রার্থীদের উদাত্ত আহ্বান জানাব ভোট কেন্দ্রে আসতে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, তারা মাঠে ভিজিবল থাকবে। ভোটাররা নির্দ্বিধায় শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।”

কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে তিনি বলেন, “কোথাও যদি র‌্যাগিং করার চেষ্টা করা হয়, প্রয়োজনে সেখানে নির্বাচন বন্ধ করে দেব।”

রিটার্নিং কর্মকর্তার এমন আশ্বাসের পরেও ভোটাররা আতঙ্কে আছে বলে মনে করেন সুজনের সম্পাদক কুদরত-ই খুদা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাহ্যিকভাবে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে ভোটারদের মধ্যে অজানা আশঙ্কা বিরাজ করছে। বিগত তিন-চার দিন প্রধান দুই প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডা, তার বিপরীতে নির্বাচন কমিশনও তেমন ভূমিকা রাখতে পারছে না।”

এর আগে রিটার্নিং কর্মকর্তা নিয়েও বিভিন্ন রকম সমালোচনা ওঠায় সেটাও নগরবাসীর মধ্যে ‘এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া’ তৈরি করেছে বলে মনে করেন কুদরত-ই খুদা।

টহলে বিজিবি, ‘কেন্দ্রেই ঘোষণা হবে ফল’

নির্বাচনী প্রচারের শেষ দিন রোববার দুপুর থেকে খুলনা নগরীতে ১৬ প্ল্যাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।

“এখানে পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব- এই চারটি সংস্থা কাজ করবে। আমাদের মোট ২৮৯টি ভোট কেন্দ্র রয়েছে। এখানে ২৩৪টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ, আর ৫৫টি কেন্দ্র সাধারণ। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহে আমাদের পুলিশ ও আনসার মিলে ২৪ জন করে ফোর্স থাকবে, সাধারণ কেন্দ্রে থাকবে ২২ জন করে।”

তিনি বলেন, “আমাদের পুলিশের ৭০টি মোবাইল টিম ও ১১টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। র‌্যাবের পক্ষ থেকে ৩২টি মোবাইল টিম থাকবে, পাশাপাশি আমাদের আনসারের সাথেও তিনটি স্ট্রাইকিং ফোর্স থাকবে।”

নির্বাচনে মোট ৬০ জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন জানিয়ে ইউনুচ আলী বলেন, “তার মধ্যে ৩১ জন ম্যাজিস্ট্রেট দিয়ে ২৮৯টি কেন্দ্রকে ৩১ ক্লাস্টারে বিভক্ত করা হয়েছে, সে অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন। ১৬ জন বিজিবির সঙ্গে থাকবেন। আর বাকী ১৩ জন স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবেন, কোথাও কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া গেলে তারা সাথে সাথে রেসপন্স করবেন।”

রিটার্নিং কর্মকর্তা জানান, ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। যুগ্ম সচিব আবদুল বাতেনের নেতৃত্বে ঢাকায় নির্বাচন কমিশন থেকে আসা ২৯ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক দল ২০ ভাগে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করবে।

ইউনুচ আলী বলেন, “ভোটগ্রহণ শেষে কেন্দ্রেই ফল গণনা করা হবে। প্রিজাইডিং অফিসার কেন্দ্রেই ফলাফল ঘোষণা করবেন। এবং সংশ্লিষ্ট পোলিং এজেন্টদের এটি সরবরাহ করবেন। তারপর মূল কেন্দ্রে আসবেন।”

সোনাডাঙ্গা এলাকার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র খোলা হয়েছে। সোমবার সকাল ১০টায় সেখান থেকে প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলাবাহিনীর কাছে ভোটের সরঞ্জাম সরবরাহ করা হবে।