জামিন জালিয়াতি: সিআইডিকে তদন্তের নির্দেশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এক আসামির জালিয়াতি করে নেওয়া জামিন বাতিল করে ঘটনাটি তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিষয়টি আদালতের নজরে আসার পর বৃহস্পতিবার বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ জামিন সংক্রান্ত রুল খারিজ করে এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফআর খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ। আসামিপক্ষে ছিলেন রিফাত জাহান।
জিন্নাহ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি আশরাফুল ইসলাম ৫৫০ গ্রাম হেরোইনকে ৪৮ গ্রাম দেখিয়ে গত ২৫ ফেব্রুয়ারি হাই কোর্টের এই বেঞ্চ থেকে জামিন নেন।
“বিষয়টি ধরা পড়ার পর আদালত ওই ব্যক্তির জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে। এতে তার জামিন বাতিল হয়ে গেছে। সেই সঙ্গে জালিয়াতির ঘটনাটি তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত।”
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী থেকে ৫৫০ গ্রাম হেরোইনসহ আশরাফুল ইসলাম বাবুকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা করে পুলিশ।
পরে ওই বছরের ২৯ নভেম্বর পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। রাজশাহীর বিশেষ দায়রা জজ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতারের আদালতে বর্তমানে মামলাটি বিচারাধীন।
বিচারপতি শেখ আবদুল আওয়ালের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ থেকে গত ২৫ ফেব্রুয়ারি এ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন নেয় ওই আসমি। জামিন আদেশটি বিচারিক আদালতে গেলে যাচাই-বাছাইয়ে ধরা পড়ে যে, আসামি জালিয়াতি করে ৫৫০ গ্রাম হিরোইনকে ৪৮ গ্রাম দেখিয়ে জামিন নিয়েছে।
বিচারিক আদালত বিষয়টি জানিয়ে গত ১৯ মার্চ হাই কোর্টের জামিন আদেশটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে পাঠায়। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় গত ২৭ মার্চ সেটি আদালতে দাখিল করে।
এর মধ্যে সংশ্লিষ্ট আদালতের আইন কর্মকর্তা আসামির জামিন বাতিল ও জামিন জালিয়াতির ঘটনায় অন্য কারা জড়িত- তা সিআিইডির মাধ্যমে তদন্ত করতে আবেদন করেন।
জামিন জালিয়াতির এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার আরজি জানানো হয় রাষ্ট্রপক্ষের ওই আবেদনে।
ওই আবেদনে সাড়া দিয়ে হাই কোর্ট আসামির আইনজীবী রিফাত জাহানের কাছে জানতে চায়, মামলাটি তিনি কীভাবে পেয়েছেন। হলফনামা আকারে বিষয়টি আদালতে দাখিল করতে বলা হয়।
জানতে চাইলে রিফাত জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, “আদালতে দাখিল করা হলফনামায় আমি বলেছি, আমার জ্যেষ্ঠ আইনজীবী শেখ আতিয়ার রহমানের কথা মত আমি এ আসামির জামিন আবেদনে আবেদনকারী আইনজীবী হয়েছি। আইনজীবী শেখ আতিয়ার রহমান মামলাটি ঢাকা জজ কোর্টের আইনজীবী শিউলী আক্তারের মাধ্যমে পেয়েছেন। আমি এ জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত নই।”
