থানায় কবরীর জিডি
কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশ করে নিজের নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সারা বেগম কবরী।
গুলশান থানায় মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করেন তিনি।
থানার ওসি আবু বকর সিদ্দীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কবরীর একজন প্রতিনিধি এসে থানায় অভিযোগ করলে সেটা জিডি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।
“বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
কবরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাড়িটি অবৈধভাবে দখলের চেষ্টা চলছে। এই বাড়ি নিয়ে মামলা থাকার পরেও কতিপয় ব্যক্তি জোর করে ঢুকে তার নিরাপত্তাকর্মীকে মারধর করে। বাধা দিতে গেলে আমাকেও ধাক্কা দেয়।”
গুলশান-২ নম্ব সেকশনের ৯৩ নম্বর সড়কে ১৫/ডি হোল্ডিংয়ে কবরীর বাড়ি। কয়েক বছর আগে তিনি একটি আবাসন প্রতিষ্ঠানকে বাড়ি নির্মাণের জন্য দিয়েছিলেন।
পাঁচতলা এই বাড়িটি এখন নিয়ম বহির্ভূতভাবে ১৪/১৫ তলা করার চেষ্টা তারা করছে বলে কবরীর অভিযোগ।
তিনি বলেন, এখন যারা ফ্লাট মালিক তাদের কযেকজন সার্ভিস চার্জ না দেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। তারা কেউ ফ্লাটে থাকে না, অবৈধ কাজের জন্য ভাড়া দিয়ে রেখেছে।
এসব ঘটনা নিয়ে অন্তত ৮টি জিডি করা হয়েছে জানিয়ে কবরী বলেন, “আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও কোনো কোনো ফ্লাট মালিক তা না মেনে বাড়ির কাজ করার চেষ্টা করে যাচ্ছে।
“একটি ফ্লাটের মালিক তার লোকজন নিয়ে বেলা ১১টার দিকে জোর করে ঢুকে জানায়, তারা রং করতে এসেছে। আদালতের নিষেধাজ্ঞার কথা জানানোর পরেও তারা না মেনে মারধর করা শুরু করে।”
